সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৪:৪৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ১৫৬০ বার পড়া হয়েছে
ভবিষ্যতে সংবিধানের বহুল আলোচিত ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংশোধিত ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ীই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় ৩৫ বছর পর দেশে সাংবিধানিকভাবে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে বিরোধী দলের প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এমন প্রতিদ্বন্দ্বিতা গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকা উচিত।
সংবিধান সংশোধনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এ বিষয়ে গঠিত কমিটিতে এখনো বিরোধী দল অংশ নেয়নি। তবে সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার বিষয়টি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ভবিষ্যতে এটি বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংশোধিত ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বর্তমান সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হয়ে যায়। এ বিধান নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে অনুচ্ছেদটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।






















