বিশ্ববিদ্যালয়গুলোতে পূর্ণাঙ্গরূপে ক্লাস চালু করতে কেন দেরি হচ্ছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৫০:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
- / ১৭৩৬ বার পড়া হয়েছে
বিশ্ববিদ্যালয়গুলোতে পূর্ণাঙ্গরূপে ক্লাস চালু করতে কেন দেরি হচ্ছে, জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মন্ত্রিপরিষদ বৈঠকে শিক্ষামন্ত্রীর কাছে এই বিষয়ে জানতে চান তিনি। ১৮ বছরের কম বয়সীদের করোনা ভাইরাসের ভ্যাকসিন দিতেও নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। এছাড়া, পৌরসভা সংশোধন আইন ২০২১ খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যম গণভবন থেকে যোগ দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়গুলো পূর্ণাঙ্গরূপে চালু করতে দেরি হচ্ছে কেন তা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী।
১৮ বছরের কম বয়সীদের করোনা ভাইরাসের ভ্যাকসিন দিতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলেও জানান সচিব।
এছাড়া, মেয়রের পাঁচ বছরের মেয়াদ শেষে নির্বাচন না হলে পৌরসভায় প্রশাসক নিয়োগ দেওয়ার বিধান রেখে পৌরসভা সংশোধন আইন ২০২১ খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। যুক্তিসঙ্গত কারণ ছাড়া কোনো পৌরসভার কর্মকর্তা-কর্মচারিদের বেতন-ভাতা টানা ১২ মাস বকেয়া থাকলে, ওই পৌরসভা বাতিল করা যাবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

























