বিশ্বচ্যাম্পিয়নদের জন্য আকাশে উড়বে বিশেষ বিমান
- আপডেট সময় : ০৫:১৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা যেন এখনও উৎসবের আবহেই আছে। আর সেই উৎসবের আবহে এবার ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বচ্যাম্পিয়নদের জন্য বিশেষ বিমান উন্মোচন করেছে আর্জেন্টিনা।
রয়টার্সের ফুটেজে দেখা যায়, সাদা-নীল রঙে সাজানো বিশেষ এই উড়োজাহাজের গায়ে স্থান পেয়েছে আর্জেন্টিনার জার্সির আদল এবং বিশ্বকাপ জয়ের স্মৃতি যা দূর থেকেই জানান দিচ্ছে সাবেক চ্যাম্পিয়নদের রাজকীয় বাহন এটি।
২০২৬ বিশ্বকাপেও শিরোপা ধরে রাখার স্বপ্ন নিয়েই প্রস্তুতি নিচ্ছে আলবিসেলেস্তেরা। আর সেই যাত্রাকে আরও বিশেষ করতেই এই অফিসিয়াল টিম এয়ারক্রাফট উন্মোচন করা হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল কর্তৃপক্ষ।
ফুটেজে দেখা যায়, বিমানটির ভেতরেও রাখা হয়েছে বিশেষ সাজসজ্জা। আর্জেন্টিনার পতাকার রঙ আর বিশ্বকাপের আবহে পুরো বিমানই যেন হয়ে উঠেছে এক উড়ন্ত ট্রফি। বিমানের লেজের দিকে আভিজাত্যের প্রতীক হয়ে শোভা পাচ্ছে কিংবদন্তী ডিয়াগো ম্যারাডোনা এবং লিওনেল মেসির জার্সি নাম্বার। এছাড়াও অধিনায়কের আর্ম ব্যান্ড এবং তিনটি তারকাও দেখা যায় বিমানটিতে।
২০২২ বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে।বিশেষ করে মেসিকে ঘিরে ভক্তদের আবেগ এখনও আগের মতোই প্রবল। তাই নতুন এই বিমান উন্মোচনের পর সামাজিক
যোগাযোগমাধ্যমেও ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়েছে।
বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার লক্ষ্য চতুর্থবারের মতো শিরোপা জয়। আর সেই স্বপ্নযাত্রার সঙ্গী হতে প্রস্তুত বিশেষ এই বিমান যেখানে আকাশপথেও ভেসে থাকবে বিশ্বচ্যাম্পিয়নদের গৌরবের গল্প।

























