বিচারাঙ্গনে দুর্নীতি দেখলে সংবাদ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের
- আপডেট সময় : ০৩:২৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৫২ বার পড়া হয়েছে
বিচারাঙ্গন, সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কোনো ধরনের অনিয়ম, অনাচার বা দুর্নীতি চোখে পড়লে তা বস্তুনিষ্ঠভাবে সংবাদমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অনিয়ম দেখলে বস্তুনিষ্ঠ সংবাদ করার আহ্বান
অ্যাটর্নি জেনারেল বলেন, সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকদের চোখে অ্যাটর্নি জেনারেল কার্যালয়, আদালত বা প্রশাসনের কোনো অনিয়ম-অনাচার কিংবা দুর্নীতি ধরা পড়লে তা জাতির সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে।
সাংবাদিকদের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, পেশাগত জীবনে তারও সাংবাদিকতা করার সুযোগ হয়েছে। ফলে সাংবাদিকদের সুখ-দুঃখ ও পেশাগত নানা সীমাবদ্ধতা তিনি কিছুটা বোঝেন।
রুহুল কুদ্দুস কাজল বলেন, অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নেওয়ার পর আদালতকেন্দ্রিক বেশ কয়েকটি বিষয় নিয়ে সাংবাদিকরা সংবাদ প্রকাশ করেছেন। এসব সংবাদের কিছু কার্যকর সুফলও পাওয়া গেছে।
একই বিষয়ে একাধিক পিটিশনের উদাহরণ
একটি ঘটনার উদাহরণ দিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্টের একটি বেঞ্চে একজন আইনজীবী বা বিচারপ্রার্থী একই বিষয়ে তিনটি আদালতে পিটিশন করেছেন। এর আগে একটি বেঞ্চ স্থগিতাদেশ দেওয়ার পর তা রিকলও করেছিল। এরপরও বিচারকদের বদান্যতার সুযোগ নিয়ে তৃতীয় আদেশ নেওয়া হয়েছে।
তিনি বলেন, বিষয়টি তিনি সংশ্লিষ্ট আদালতের নজরে এনেছেন এবং এটিকে গুরুতর পেশাগত অসদাচরণ হিসেবে উল্লেখ করেছেন। ফাইলগুলো আদালতে আসার পর পরবর্তী আদেশ দেওয়া হবে বলেও জানান তিনি।
নেতিবাচক খবরের পাশাপাশি ইতিবাচক খবরও প্রকাশের আহ্বান
অ্যাটর্নি জেনারেল বলেন, আদালত আইনজীবী ও বিচারপ্রার্থীদের রুটি-রুজির জায়গা। দু-একজনের অনিয়মের কারণে যেন পুরো বিচারাঙ্গন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে সবাইকে দায়িত্বশীল হতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি আরও বলেন, শুধু নেতিবাচক সংবাদ প্রকাশ করলেই হবে না। বিচারাঙ্গনে যেসব মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠা হচ্ছে, সেসব ঘটনাও জনগণের সামনে তুলে ধরতে হবে।
রুহুল কুদ্দুস কাজল বলেন, অতি সম্প্রতি প্রধান বিচারপতির কর্মতৎপরতার কারণে আপিল বিভাগ ও হাইকোর্টে হাজার হাজার মামলা নিষ্পত্তি হয়েছে। এসব বিষয়ও জাতির সামনে তুলে ধরা প্রয়োজন। আদালত সম্পর্কে যেন মানুষের কাছে কোনো ভুল বার্তা না যায়, সেদিকে সংবাদকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
এসআরএফের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী
দুপুর ১টায় সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনুষ্ঠানিক কর্মসূচির উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল।
এসআরএফ সভাপতি মো. দিদারুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
এর আগে দুপুর সোয়া ১২টায় সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি কোর্ট প্রাঙ্গণ প্রদক্ষিণ করে মূল ভবনের ফোয়ারার সামনে গিয়ে শেষ হয়।
২০২৪ সালে পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং আদালতসংক্রান্ত সংবাদ দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠভাবে পাঠকদের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের যাত্রা শুরু হয়।


























