বঙ্গভবনে ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতির শপথ
- আপডেট সময় : ০৫:৩৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ১৫৬২ বার পড়া হয়েছে
আগামী শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে সংসদ সচিবালয়ে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে সব সংসদ সদস্যের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ভোট চাওয়া হয়েছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যেই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের ইতিহাসে নতুন যাত্রা শুরু হবে। এটি একটি মাহেন্দ্রক্ষণ।
চিফ হুইপ জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর নিয়ম অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন।
পরে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেবেন।























