বগুড়ায় বাসচাপায় ৭ শ্রমিক নিহত: তদন্ত কমিটি, নিহত-আহতদের অনুদান
- আপডেট সময় : ০৬:২৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
বগুড়ার সদর উপজেলার এরুলিয়ায় বাসচাপায় সাত দিনমজুর নিহতের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে নিহতদের স্বজন ও আহতদের জন্য জরুরি আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মাসুদ হোসেনকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটিতে জেলা পুলিশের একজন প্রতিনিধি এবং সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে সদস্য করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জেলা প্রশাসক বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণের জন্য কমিটিকে প্রয়োজনীয় সুপারিশ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহত প্রত্যেককে ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
এদিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের বিনামূল্যে চিকিৎসা, সরকারি ওষুধ সরবরাহ এবং প্রয়োজনীয় রক্তের জোগান নিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদাতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।
উল্লেখ্য, শুক্রবার ভোরে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়ার সিল্কিবান্ধা এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে কাজের অপেক্ষায় থাকা দিনমজুরদের চাপা দিলে সাতজন নিহত এবং একাধিক শ্রমিক আহত হন।

























