ফরিদপুরে অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন, যৌন হয়রানির অভিযোগ
- আপডেট সময় : ০৫:৪৩:১০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / ২১১৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের সবজাননেসা মহিলা কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ মো. আলমগীর হোসাইনের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা। অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন, অর্থ আত্মসাৎ, অনিয়ম ও শিক্ষার্থীদের হয়রানিসহ বিভিন্ন অভিযোগ তুলেছেন তারা।
রোববার দুপুরে মাদ্রাসার সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে দ্রুত তাঁকে অপসারণের দাবি জানান শিক্ষক ও শিক্ষার্থীরা।
অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
১৯৮৯ সালে ফরিদপুর শহরের পূর্বখাবাসপুর এলাকায় ইসলামি শিক্ষার প্রসারের লক্ষ্যে সবজাননেসা মহিলা কামিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এ প্রতিষ্ঠানটিতে আবাসিক সুবিধাসহ পাঁচ শতাধিক শিক্ষার্থী এবং ৩০ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন।
মো. আলমগীর হোসাইন ২০২৩ সালের ১ ডিসেম্বর মাদ্রাসাটির অধ্যক্ষ হিসেবে যোগ দেন। এরপর থেকে বিভিন্ন বরাদ্দ, অনুদান ও টিউশন ফির অর্থ আত্মসাৎ এবং নানা অনিয়মের অভিযোগ তুলে আসছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষকরা অভিযোগ করেন, মাদ্রাসার সংস্কার ও উন্নয়নকাজের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে দুই দফায় পাওয়া তিন লাখ টাকা, জেলা পরিষদের দেওয়া দুই লাখ টাকা এবং মন্ত্রণালয়ের অডিটের কথা বলে শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে নেওয়া এক লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।
এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরে মাদ্রাসার অনুদানের জন্য প্রকাশনীর বরাদ্দ দেওয়া এক লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎ এবং বিএমএড কর্মসূচির বরাদ্দের অর্থেও অনিয়মের অভিযোগ করা হয়। কোটেশন ছাড়াই বিভিন্ন শ্রেণির পাঠ্যবই বিক্রির অভিযোগও রয়েছে বলে জানান বক্তারা।
যৌন হয়রানির অভিযোগ
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ একাধিক শিক্ষক অভিযোগ করেন, ফাজিল প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে চাকরি ও অর্থের প্রলোভন দেখিয়ে অনৈতিক কাজে বাধ্য করা হয়েছিল। গত ১৬ আগস্ট শিক্ষার্থীরা বিষয়টি হাতেনাতে ধরেন বলেও অভিযোগ করেন তারা।
এ ঘটনার পর মাদ্রাসায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষক ও শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানো এবং লাঠি দিয়ে মারধরের অভিযোগও ওঠে।
অসুস্থতার কারণ দেখিয়ে গত ১৯ আগস্ট প্রতিষ্ঠানের সভাপতি ও জেলা প্রশাসকের কাছে ছুটির আবেদন করে অধ্যক্ষ আলমগীর হোসাইন মাদ্রাসা ত্যাগ করেন। এরপর তিনি আর প্রতিষ্ঠানে ফেরেননি বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীদের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ ১৯ আগস্ট জেলা প্রশাসকের কাছে দেওয়া হয়।
অধ্যক্ষের কক্ষে ওষুধ ও সরঞ্জাম উদ্ধারের দাবি
অভিযোগের পর জেলা প্রশাসনের সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো গত ২২ সেপ্টেম্বর মাদ্রাসাটি পরিদর্শন করেন।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দাবি, পরিদর্শনের সময় অধ্যক্ষের কক্ষের টেবিলের ড্রয়ার থেকে বিভিন্ন যৌন উত্তেজক ওষুধ ও সরঞ্জাম পাওয়া যায়।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. আমিনুল ইসলাম বলেন, ‘একজন অধ্যক্ষের কক্ষে যখন যৌন উত্তেজক ওষুধ পাওয়া যায়, তখন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। তাঁর অনৈতিক কর্মকাণ্ডের একাধিক প্রমাণও পাওয়া গেছে বলে আমাদের দাবি। এ অবস্থায় তাঁর দ্রুত অপসারণ চাই।’
এ ছাড়া শিক্ষার্থীদের কয়েকজন অধ্যক্ষের বিরুদ্ধে শ্রেণিকক্ষে যৌন হয়রানির অভিযোগও করেছেন। তাঁদের দাবি, অভিযোগগুলো তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক এবং অধ্যক্ষকে অপসারণ করা হোক।
অভিযোগ অস্বীকার অধ্যক্ষের
তবে তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগকে ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন অধ্যক্ষ মো. আলমগীর হোসাইন।
তিনি বলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন সদস্য আশিকুর রহমান বাচ্চুর সঙ্গে মতানৈক্যের জেরে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তাঁকে শোকজ করা হয়েছে এবং তিনি এর লিখিত জবাবও দিয়েছেন।
অধ্যক্ষ আরও বলেন, ‘১৬ আগস্ট থেকে আমার কক্ষে তালা দেওয়া হয়েছে। আমি কক্ষে যেতেও পারিনি। এ সময়ে তাঁরা আমার কক্ষে ওষুধ কেন, অস্ত্রও রেখে দিতে পারত।’
তদন্ত কমিটি গঠন
অভিযোগের বিষয়ে সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ) ইনসানা তানজীন ইকো বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে একটি পক্ষের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগগুলো বর্তমানে তদন্তাধীন রয়েছে।
তদন্ত শেষে অভিযোগগুলোর সত্যতা ও দায়-দায়িত্ব সম্পর্কে সিদ্ধান্ত পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


























