ফরিদপুরে পাঁচটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা
- আপডেট সময় : ০৪:৪৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ১৫৮২ বার পড়া হয়েছে
না না অনিয়ম আর অভিযোগের ভিত্তিতে ফরিদপুরে অভিযান চালিয়ে পাঁচটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্যবিভাগ। অভিযানকালে প্রতিষ্ঠানগুলো অব্যবস্থাপনা ও অনুমতিবিহীন (লাইসেন্স বিহীন) কার্যক্রম পরিচালনা করায় এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এসব প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এতে নেতৃত্ব দেন সিভিল সার্জন ডাঃ মাহামুদুল হাসান৷ এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান ও নাজমুন নাহার নাঈম উপস্থিত ছিলেন।
অভিযানকালে আল-জারা স্পেশালাইজড হাসপাতাল, মেডিকো হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, লিলি প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, হলিসিটি প্রাইভেট হাসপাতাল এবং মা-মনি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে ভর্তি থাকা রোগীদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অথবা অন্য উপযুক্ত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, “নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে ফরিদপুর শহরের কয়েকটি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ধরনের অনিয়ম ধরা পড়ায় মোট পাঁচটি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমাদের এ ধরনের তদারকি এবং অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”























