প্রথমবার সব চাকরিজীবীর মোবাইল ভাতা, বাড়ছে চিকিৎসা-যাতায়াত ভাতাও
- আপডেট সময় : ০১:২৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
জীবনযাত্রার ব্যয় ও পরিবহন খরচ বাড়ায় সরকারি চাকরিজীবীদের বিভিন্ন ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। নতুন বেতন কাঠামো-২০২৬-এ প্রথমবারের মতো সব চাকরিজীবীর জন্য মোবাইল ভাতা চালুর প্রস্তাব রয়েছে। পাশাপাশি চিকিৎসা, যাতায়াত, টিফিন ও ধোলাই ভাতাও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
যাতায়াত, টিফিন ও ধোলাই ভাতা বাড়ছে
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, মাসিক যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করার কথা বলা হয়েছে। একইভাবে টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা এবং ধোলাই ভাতা ১০০ টাকা থেকে ৩০০ টাকা করার প্রস্তাব রয়েছে।
তবে বাংলা নববর্ষ ভাতা কমানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে মূল বেতনের ২০ শতাংশ হারে এই ভাতা দেওয়া হয়। নতুন কাঠামোয় তা ১৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে।
চিকিৎসা ভাতায় বড় পরিবর্তন
বর্তমানে সরকারি চাকরিজীবীরা গ্রেডনির্বিশেষে মাসে ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। নতুন কাঠামোয় বয়সভেদে এই ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
৫০ বছর বয়স পর্যন্ত চাকরিজীবীরা মাসে ৩ হাজার টাকা চিকিৎসা ভাতা পাবেন। ৫০ বছরের বেশি থেকে ৬০ বছর পর্যন্ত বয়সীদের জন্য এই ভাতা ৪ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।
পেনশনারদের চিকিৎসা ভাতাও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ৬০ থেকে ৭০ বছর বয়সী পেনশনাররা মাসে ৫ হাজার টাকা পাবেন। আর ৭০ বছরের বেশি বয়সীদের জন্য চিকিৎসা ভাতা হবে ৬ হাজার টাকা। বর্তমানে ৬৫ বছরের বেশি বয়সী পেনশনাররা মাসে ২ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান।
পাহাড়, হাওর ও চরাঞ্চলের ভাতা
দুর্গম পার্বত্য এলাকায় কর্মরতদের পাহাড়ি ভাতা মূল বেতনের ২০ শতাংশই রাখার প্রস্তাব করা হয়েছে। তবে পার্বত্য জেলা ও উপজেলা সদরের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ হাজার টাকা এবং সদরের বাইরের এলাকায় ৫ হাজার ৫০০ টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে।
এ ছাড়া হাওর, দ্বীপ ও চর ভাতাও মূল বেতনের ২০ শতাংশ বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। এসব ক্ষেত্রে সর্বোচ্চ ৫ হাজার টাকা দেওয়ার প্রস্তাব রয়েছে।
বিশেষ ভাতায় বাড়ছে অর্থ
শিক্ষাসহায়ক, কার্যভার, আপ্যায়ন, কুক অ্যান্ড সিকিউরিটিজ অ্যালাউন্স, উৎসব ভাতা এবং শ্রান্তি-বিনোদন ছুটি ও ভাতার বর্তমান হার বহাল রাখার প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে, ঝুঁকি ভাতাসহ বিভিন্ন বিশেষ ভাতা বর্তমানের তুলনায় ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব রয়েছে। প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ ভাতা শতাংশের পরিবর্তে নির্দিষ্ট টাকার অঙ্কে দেওয়ার প্রস্তাবও করা হয়েছে। নতুন কাঠামোয় এটি মূল বেতনের ১০ শতাংশ হতে পারে।
বাড়িভাড়ার হার কমলেও বাড়বে টাকার অঙ্ক
২০১৫ সালের বেতন কাঠামো অনুযায়ী, ঢাকা সিটি করপোরেশন এলাকায় কর্মরত সরকারি চাকরিজীবীরা গ্রেডভেদে মূল বেতনের ৫০ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া ভাতা পান।
নতুন কাঠামোয় এই হার কমিয়ে ৪০ থেকে ৬০ শতাংশ করার প্রস্তাব করা হচ্ছে। তবে মূল বেতনের অনুপাতে হার কমলেও নতুন বেতন কাঠামোর কারণে প্রকৃত টাকার অঙ্কে বাড়িভাড়া ভাতা বাড়বে বলে প্রস্তাবে উল্লেখ রয়েছে।
গেজেটেই চূড়ান্ত তথ্য
গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে জাতীয় বেতন কাঠামো-২০২৬ এবং সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো অনুমোদন করা হয়।
এরপর অর্থ মন্ত্রণালয় নতুন বেতন কাঠামোর গেজেট প্রণয়নের কাজ করছে। গেজেট প্রকাশের পরই মোবাইল ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে চূড়ান্ত তথ্য জানা যাবে।




















