কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ১২:৫১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / ১৫১৯ বার পড়া হয়েছে
একত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এ যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার পর টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায়
প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল আলম খান মিল্টন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব এস এম জাহাঙ্গীর, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী
উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, মঙ্গলবার তুরস্কের আনতালিয়ায় পৌঁছে জলবায়ু সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে তার।
পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী সোমবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, ১০ থেকে ১২ নভেম্বর তিন দিনের এই সফরের শেষ দিন সম্মেলনের প্লেনারি সেশনে বক্তব্য দেবেন তারেক রহমান। সেখানে তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অবস্থান ও প্রত্যাশা তুলে ধরবেন।
এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা
তুরস্ক সফরে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বৈঠক হলে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হতে পারে।
সফর শেষে আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

























