প্রতিটি স্কুলে উন্নত কম্পিউটার ল্যাব নিশ্চিতের নির্দেশ অর্থমন্ত্রীর
- আপডেট সময় : ০৩:৪৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / ১৫৫১ বার পড়া হয়েছে
আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নত কম্পিউটার ল্যাব ও আধুনিক প্রযুক্তিসুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমান বিশ্বে কম্পিউটার ল্যাব ছাড়া কোনো স্কুল চলতে পারে না। তাই শিক্ষার্থীদের গতানুগতিক পড়াশোনার পাশাপাশি কম্পিউটার শিক্ষা, ডিজিটাল লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ দিতে হবে।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী নিজেও এই শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী।
শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তিগত ঘাটতি দূর করার তাগিদ
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সময়ের সঙ্গে শিক্ষাব্যবস্থা ও পড়াশোনার ধরন বদলে গেছে। এখন কম্পিউটারের মাধ্যমে বিশ্বের সেরা লাইব্রেরিগুলোর সঙ্গে যুক্ত হওয়া সম্ভব। তবে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো পর্যাপ্ত কম্পিউটার ল্যাব নেই। শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে এই ঘাটতি দূর করা জরুরি।
নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠানে দ্রুত একটি উন্নত কম্পিউটার ল্যাব স্থাপনের কথাও জানান তিনি। পাশাপাশি কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অবকাঠামোগত বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
উদ্ভাবনী চিন্তা ও এআই শিক্ষায় গুরুত্ব
শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, সরকার উদ্ভাবনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। শুধু বিজ্ঞান নয়, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়েও শিক্ষার্থীদের উদ্ভাবনী মানসিকতা গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের চাহিদা ও প্রত্যাশা বিবেচনায় নিয়ে তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। প্রধানমন্ত্রীও নতুন প্রজন্মের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং তাদের সুবিধা-অসুবিধা বিবেচনায় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ বাড়াতে হবে
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দেন মন্ত্রী। তাঁর মতে, ক্রিকেট, ফুটবল, সাঁতার ও ব্যাডমিন্টনের পাশাপাশি শুটিং ও আর্চারির মতো খেলায়ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে।
তিনি বলেন, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় নারী শিক্ষার্থীরাও ভালো করছে। তাই স্কুল পর্যায় থেকেই শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার পর্যাপ্ত সুযোগ তৈরি করা প্রয়োজন।
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক উপপরিচালক মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ তজল্লী আজাদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী।
অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী এবং ২০২৫ সালে জুনিয়র ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।























