পাঙাশ মাছ দিয়ে রসগোল্লা! বগুড়ায় গৃহবধূর ব্যতিক্রমী মিষ্টিতে চমক
- আপডেট সময় : ০৪:২৮:১২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
- / ১৮৬৩ বার পড়া হয়েছে
রসগোল্লা মানেই দুধের ছানা আর চিনির শিরার এক অপূর্ব মিতালি। কিন্তু সেই রসগোল্লা যদি হয় মাছ দিয়ে তৈরি, তবে অবাক হওয়াটাই স্বাভাবিক! তাও আবার পাঙাশ মাছ! অবিশ্বাস্য মনে হলেও এই অসাধ্য সাধন করেছেন বগুড়া শহরের নূরানী মোড় এলাকায় গৃহবধূ আশা আক্তার। মাছের কোনো গন্ধ ছাড়াই তৈরি করছেন সুস্বাদু এই মিষ্টি।
দেখতে হুবহু সাধারণ রসগোল্লার মতোই। রসে টইটম্বুর আর তুলতুলে নরম। মূল উপাদানে রয়েছে বড় চমক। দুধের ছানার সাথে এখানে প্রধান উপকরণ যোগ হয়েছে পাঙাশ মাছ।
শুনতে অদ্ভুত মনে হলেও, আশা আক্তার শখের বশে নতুন কিছু করার নেশা থেকেই শুরু করেন। মাছ সেদ্ধ করে চামড়া ও কাঁটা আলাদা করা হয়। এরপর পুঁটলি করে চেপে বের করে ফেলা হয় সব চর্বি। বিশেষ মশলা আর ছানা মিশিয়ে তৈরি হয় এই পাঙাশ রসগোল্লা’।
নতুন এই স্বাদের খবর ছড়িয়ে পড়ায় কৌতূহলী মানুষ ভিড় করছেন আশার বাড়িতে। স্বাদে আর গন্ধে কোনো অংশেই কম নয় সাধারণ মিষ্টির চেয়ে। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়।
পাঙাশের এই রসগোল্লাকে ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন এই গৃহবধূ।
কেবল রসনাবিলাসই নয়, ঘরে বসে নারীরাও যে নতুন কিছু করতে পারে—আশা আক্তার যেন তারই উদাহরণ। তাঁর এই প্রচেষ্টা অন্য নারীদেরও আত্মনির্ভরশীল হতে নতুন পথ দেখাচ্ছে।






















