মাথায় গ্রেপ্তারি পরোয়ানা
নেপালে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী দেউবা
- আপডেট সময় : ০২:৫৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
দুর্নীতি ও অর্থ পাচারের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রায় সাড়ে পাঁচ মাস পর নেপালে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে শত শত সমর্থক তাকে স্বাগত জানান।
সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিল মাসে অর্থ পাচারের অভিযোগে দেউবা ও তার স্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর পরপরই তাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ জানায় নেপাল কর্তৃপক্ষ। তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করে ইন্টারপোল।
পরে দেউবা ও রানা আইনি পদক্ষেপ নিলে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী আদেশ দিয়ে বিশেষ আদালতের এখতিয়ার-সংক্রান্ত প্রশ্ন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর না করার নির্দেশ দেন।
৮০ বছর বয়সী দেউবা গত ২৫ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। বিদেশে থাকায় নেপালের প্রতিনিধি পরিষদের নির্বাচনেও ভোট দিতে পারেননি তিনি। প্রায় সাড়ে পাঁচ মাস পর তার দেশে ফেরাকে ঘিরে নেপালি কংগ্রেসের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
১৪ থেকে ১৬ আগস্ট কাঠমান্ডুতে নেপালি কংগ্রেসের একটি অংশের জাতীয় সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে দেউবার। এতে দলের নেতা, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও বিদেশে থাকা দলীয় সমর্থকদের প্রতিনিধিরা অংশ নেবেন।
নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে জানিয়েছেন, দেউবার বিরুদ্ধে মামলার বিষয়টি অর্থ পাচার তদন্ত বিভাগ দেখছে। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তাকে বিমানবন্দর ও সমাবেশস্থলে নিরাপত্তা দেওয়া হচ্ছে।
এর আগে জুনে বিদেশে অবস্থান থেকেই তদন্তকারী কর্তৃপক্ষের কাছে লিখিত বক্তব্য পাঠান দেউবা ও রানা। তারা জানান, চিকিৎসার কারণেই তারা দেশের বাইরে ছিলেন এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কোনো উদ্দেশ্য তাদের ছিল না।
























