নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১১:২৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
নতুন ভবন চালুর মাধ্যমে হাসপাতালটির মোট শয্যাসংখ্যা বেড়ে ১ হাজারে উন্নীত হয়েছে। ১৫ তলাবিশিষ্ট এই ভবনের তিনটি তলা বেজমেন্ট হিসেবে রাখা হয়েছে। সেখানে পার্কিং সুবিধার পাশাপাশি রয়েছে বিভিন্ন সার্ভিস সেকশন।
ভবনের ওপরের ১২ তলায় থাকছে রোগীদের জন্য ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিট। এছাড়া নতুন ভবনে ৪০টি আইসিইউ বেড, ২৪টি পোস্ট-অপারেটিভ বেড এবং ১১২টি কেবিনের ব্যবস্থা রাখা হয়েছে।
দেশে নিউরো রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণের লক্ষ্যে ২০০৬ সালের ২৩ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
নতুন ভবন চালুর ফলে দেশের নিউরোলজি ও নিউরোসার্জারি চিকিৎসায় আরও বেশি রোগী উন্নত সেবা পাওয়ার সুযোগ পাবেন।





















