নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমস ক্রিকেটে পাকিস্তানের দল ঘোষণা
- আপডেট সময় : ১২:১১:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
নারী এশিয়া কাপ ও ২০তম এশিয়ান গেমসের নারী ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুই টুর্নামেন্টের দলেই অধিনায়ক হিসেবে রাখা হয়েছে নিয়মিত অধিনায়ক ফাতিমা সানাকে।
রোববার (১৬ আগস্ট) ঘোষিত দলে ফাতিমা সানার নেতৃত্বে এশিয়া কাপ ও এশিয়ান গেমসে অংশ নেবে পাকিস্তান নারী ক্রিকেট দল। সম্প্রতি দ্য হান্ড্রেডে বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না তিনি।
আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ ২০২৬। আট দলের এই আসরে পাকিস্তান রয়েছে ‘এ’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ ভারত, থাইল্যান্ড ও হংকং চীন।
পাকিস্তানের এশিয়া কাপ সূচি:
- ১ সেপ্টেম্বর: থাইল্যান্ডের বিপক্ষে
- ৫ সেপ্টেম্বর: ভারতের বিপক্ষে
- ৭ সেপ্টেম্বর: হংকং চীনের বিপক্ষে
সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১০ ও ১১ সেপ্টেম্বর এবং ফাইনাল হবে ১৩ সেপ্টেম্বর।
এদিকে ২০তম এশিয়ান গেমসের নারী ক্রিকেটেও পাকিস্তান অংশ নেবে ফাতিমা সানার নেতৃত্বে। ১৭ সেপ্টেম্বর চতুর্থ কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ থাইল্যান্ড। এই আসরের ক্রিকেট ম্যাচগুলো অনুষ্ঠিত হবে জাপানের আইচির কোরোগি অ্যাথলেটিক পার্কে।
সেমিফাইনালে উঠতে পারলে ২০ সেপ্টেম্বর পাকিস্তান খেলবে শ্রীলঙ্কা অথবা মালয়েশিয়ার বিপক্ষে। ২২ সেপ্টেম্বর হবে স্বর্ণ ও ব্রোঞ্জ পদকের লড়াই।
দুই স্কোয়াডেই রয়েছেন—ফাতিমা সানা, মুনিবা আলী সিদ্দিকী, শাওয়াল জুলফিকার, আয়েশা জাফর, গুল ফেরোজা, সাইরা জাবিন, আইমান ফাতিমা, ইমান নাসির, উম্মে-হানি, তুবা হাসান, নাশরা সান্ধু ও মোমিনা রিয়াসাত।
এশিয়া কাপের দলে অতিরিক্ত হিসেবে আছেন নাজিহা আলভি, ওয়াহিদা আখতার ও সাদিয়া ইকবাল। আর এশিয়ান গেমসের দলে যুক্ত হয়েছেন আলিয়া রিয়াজ, তাসমিয়া রুবাব ও হুমনা বিলাল।
এশিয়ান গেমসে পাকিস্তান নারী ক্রিকেট দল এর আগে ২০১০ ও ২০১৪ সালে স্বর্ণপদক জিতেছিল। তবে সর্বশেষ ২০২২ আসরে তারা হয়েছিল চতুর্থ।





















