নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৭৭ শিক্ষার্থী
- আপডেট সময় : ১২:৪২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / ১৫৩১ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৭৭ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জনকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে গুরুতর অসুস্থ কয়েকজন শিক্ষার্থী এখনো নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে এসব শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শ্বাসনালি
চিকিৎসকরা জানান, অগ্নিকাণ্ডে বেশিরভাগ শিক্ষার্থী সরাসরি দগ্ধ হননি। তবে আগুনের কারণে ভবনে ছড়িয়ে পড়া ঘন ধোঁয়া শ্বাসের সঙ্গে গ্রহণ করায় তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আহতদের মধ্যে চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এছাড়া একজন শিক্ষার্থীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আহতদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত
মাদরাসা কর্তৃপক্ষ জানায়, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার জামিয়া আশরাফিয়া মাদরাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার লাইব্রেরি কক্ষে আগুন লাগে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
ধোঁয়ায় আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষার্থীরা
আগুন লাগার পর মুহূর্তের মধ্যে পাঁচতলা ভবনটিতে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে ভবনের ভেতরে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। প্রাণ বাঁচাতে শিক্ষার্থীরা দ্রুত ভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন।
এ সময় হুড়োহুড়ির মধ্যে অনেক শিক্ষার্থী ঘন ধোঁয়া শ্বাসের সঙ্গে গ্রহণ করেন। এতে তাদের শ্বাসনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে ফতুল্লা থেকে মোট ৭৭ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
মাদরাসা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের সময় প্রতিষ্ঠানটিতে প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থী অবস্থান করছিলেন। আগুনের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।




















