ভয়াল স্মৃতি ফিরে এলো
দেশজুড়ে সিরিজ বোমা হামলার ২১ বছর
- আপডেট সময় : ১২:৫৪:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ১৫৫০ বার পড়া হয়েছে
২০০৫ সালের ১৭ আগস্ট বাংলাদেশের ইতিহাসে ঘটে যায় ভয়াবহ এক জঙ্গি হামলার ঘটনা। এদিন দেশের ৬৩ জেলায় একযোগে বোমা বিস্ফোরণ ঘটায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)।
মাত্র আধা ঘণ্টার ব্যবধানে দেশের ৩০০টির বেশি স্থানে সাড়ে চার শতাধিক বোমা হামলা চালানো হয়। এতে দুইজন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হন। ভয়াবহ ওই ঘটনার ২১ বছর পূর্ণ হলো আজ।
জেএমবি তাদের অস্তিত্ব জানান দিতে পরিকল্পিতভাবে এ সিরিজ হামলা চালায়। হামলার পর তৎকালীন সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক অভিযান শুরু করে। পরে সংগঠনটির শীর্ষ পর্যায়ের নেতাদের একে একে গ্রেপ্তার করা হয়।
হামলার লক্ষ্যবস্তু ছিল দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা। এর মধ্যে হাইকোর্ট, সুপ্রিমকোর্ট, জেলা আদালত, বিমানবন্দর, মার্কিন দূতাবাস, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠান ছিল। হামলার পাশাপাশি বিভিন্ন স্থানে উগ্রবাদী প্রচারপত্রও ছড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনায় সারাদেশে দেড় শতাধিক মামলা দায়ের করা হয়। এর বেশিরভাগ মামলার বিচার কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে।
২০০৭ সালের ৩০ মার্চ জেএমবির শীর্ষ ছয় নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাদের মধ্যে ছিলেন শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, আতাউর রহমান সানি, আবদুল আউয়াল, খালেদ সাইফুল্লাহ ও সালাহউদ্দিন।





















