দুদকের ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট
- আপডেট সময় : ০৩:১৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন তিনি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হওয়ার কথা রয়েছে।
তদন্ত শেষ হওয়ার আগে ব্রিফিং না করার নির্দেশনা
রিটে কোনো ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শেষ হওয়ার আগে দুদক যাতে সংবাদ সম্মেলন বা প্রেস ব্রিফিং করে তার সম্মানহানি না করে, সে বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে।
এ ছাড়া আসিফ মাহমুদকে নিয়ে দুদকের প্রেস ব্রিফিংয়ে দেওয়া বক্তব্য ভুল ছিল—এটি স্বীকার করার জন্যও নির্দেশনা চাওয়া হয়েছে।
বক্তব্য নিয়ে বিতর্ক
রিটের পর আসিফ মাহমুদের আইনজীবী জহিরুল ইসলাম মুসা সাংবাদিকদের বলেন, কোনো ধরনের তদন্ত শেষ না হওয়া বা সুনির্দিষ্ট প্রমাণের আগে দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্যের কারণে আসিফ মাহমুদকে ঘিরে ব্যাপক ‘মিডিয়া ট্রায়াল’ শুরু হয়।
তার ভাষ্য অনুযায়ী, এর ফলে অভিযোগগুলো যেন আগেই প্রমাণিত—এমন ধারণা জনমনে তৈরি হয়েছে। এতে আসিফ মাহমুদের ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে রিটে দাবি করা হয়েছে।
দুদকের কর্মকর্তার ব্যাখ্যা
এর আগে দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম দুদক বিটের সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা দিয়ে জানান, তার দেওয়া বক্তব্য ভুলবশত হয়েছিল।
তিনি সংবাদ প্রচারের সময় ‘প্রাথমিক সত্যতা’ কথাটি বাদ দেওয়ার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন।
তবে সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার বা সংশোধন করা হয়নি। রিটে বলা হয়েছে, এ কারণে ওই বক্তব্যের ভিত্তিতে তৈরি হওয়া নেতিবাচক ধারণা ও ‘মিডিয়া ট্রায়াল’ এখনো অব্যাহত রয়েছে।



























