দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাবাইচ
- আপডেট সময় : ০৪:২৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ১৫৭১ বার পড়া হয়েছে
দুই বছর বিরতির পর ব্রাহ্মণবাড়িয়ায় ফিরছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। আগামী ১২ সেপ্টেম্বর জেলার নৌকাবাইচ-২০২৬ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় আয়োজনটি উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসক মো. আবুসাঈদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসাইন আকন্দ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানিম সাহেদ রিপনসহ সংশ্লিষ্টরা। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে।
সভায় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতি ও ঐতিহ্যের শহর। জেলার সাংস্কৃতিক চর্চা ধরে রাখতে নৌকাবাইচের মতো আয়োজন গুরুত্বপূর্ণ। তবে এ আয়োজনকে ঘিরে কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড করা যাবে না।
নৌকাবাইচে অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের নৌকায় সাউন্ড সিস্টেম ব্যবহার এবং বাদ্যযন্ত্র বাজিয়ে নাচানাচিও নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ ও ২০২৫ সালে ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাবাইচ অনুষ্ঠিত হয়নি।
জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে এবারের নৌকাবাইচ আয়োজন করা হবে।
























