দুই ডিআইজিসহ পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি
- আপডেট সময় : ০১:৪২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
ঢাকা ও খুলনা রেঞ্জে নতুন ডিআইজি পদায়নসহ পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। একই সঙ্গে কয়েকজন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব তৌছিফ আহমেদের সই করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পদোন্নতি পেলেন চার কর্মকর্তা
প্রথম প্রজ্ঞাপনে পদোন্নতি ও বদলির কথা জানানো হয়েছে। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সায়েদুর রহমানকে পদোন্নতি দিয়ে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি করা হয়েছে।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মাইনুল হাসানকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) পদে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া ঢাকা রেঞ্জের ডিআইজি ইকবাল হোসেনকে পদোন্নতি দিয়ে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের ডিআইজি কামরুল আহসানকে পদোন্নতি দিয়ে বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি করা হয়েছে।
বদলি করা হয়েছে দুই অতিরিক্ত আইজিপিকে
বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমীনকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।
অন্যদিকে সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।
ঢাকা ও খুলনা রেঞ্জে নতুন ডিআইজি
দ্বিতীয় প্রজ্ঞাপনে ডিআইজি পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে পুলিশ অধিদপ্তরের ডিআইজি রেজাউল করিমকে খুলনা রেঞ্জের ডিআইজি করা হয়েছে।
খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মুসলিমকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক করা হয়েছে।
এসবি’র ডিআইজি মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মাস র্যাপিড ট্রানজিটের (মেট্রোরেল) ডিআইজি সিদ্দীকী তানজিলুর রহমানকে বিশেষ শাখার (এসবি) ডিআইজি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

























