দায়িত্বে গাফিলতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: রিজভী
- আপডেট সময় : ১২:৪৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ১৫৪০ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের কাজে কোনো ধরনের গাফিলতি বা দায়িত্বে অবহেলা হলে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর ব্যবস্থা নিচ্ছেন। আমলা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তি—যে-ই হোক, দায়িত্ব পালনে ব্যর্থ হলে ছাড় দেওয়া হচ্ছে না।
শনিবার (৮ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচমাসের উন্নয়ন যাত্রা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও ‘আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সরকারের পাঁচ মাসের কার্যক্রম, বিভিন্ন উদ্যোগ ও উন্নয়ন পরিকল্পনা বইটিতে তুলে ধরা হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, হেলথ কার্ড চালুর উদ্যোগ এবং গ্যাস সংকট মোকাবিলায় নেওয়া পদক্ষেপসহ সরকারের বিভিন্ন কার্যক্রম এতে স্থান পেয়েছে।
তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী মাঠপর্যায়ে কাজ করছেন। জনগণের কল্যাণে নেওয়া উদ্যোগগুলো বাস্তবায়ন হচ্ছে কি না, তা তিনি নিজেই তদারকি করছেন।
বইয়ের গুরুত্ব তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, বই জ্ঞান ও সভ্যতার অগ্রগতির অন্যতম মাধ্যম। বই মানুষের চিন্তার জগতকে প্রসারিত করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করে।
সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে রিজভী বলেন, যারা সরকারের ভালো কাজ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, এই ধরনের গ্রন্থ তাদের প্রচেষ্টার জবাব দিতে সহায়ক হবে। সরকারের কর্মকাণ্ড তথ্য-উপাত্তসহ তুলে ধরা হলে তা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদ আউয়ালসহ অনেকে।
























