ত্রাণ কার্যক্রমে অনিয়মের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে
- আপডেট সময় : ০১:৪৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০
- / ১৮৪৪ বার পড়া হয়েছে
ত্রাণ কার্যক্রমে অনিয়মের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার কঠোর অবস্থানে আছে বলেই সামান্য অপরাধ করেও কেউ রেহাই পাচ্ছে না। তিনি বলেন, ইতিমধ্যে সকল অনিয়মের বিরুদ্ধে আইনগত, প্রশাসনিক ও দলীয় ব্যবস্হা গ্রহণই তার প্রমাণ।
সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত এক দশকে বাংলাদেশ যে অর্থনৈতিক সমৃদ্ধি ও সক্ষমতা অর্জন করেছে, তার কারণেই এই সংকটকালে এত বিপুল পরিমাণ প্রণোদনা ও ত্রাণ সহায়তা দেয়া সম্ভব হচ্ছে। ওবায়দুল কাদের বলেন, চিকিৎসকদের প্রাইভেট চেম্বারে রোগী দেখা ও বেসরকারি ক্লিনিকে চিকিৎসা সেবা বন্ধের কারণে, সাধারণ রোগীরা অন্য রোগের চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে এবং সুরক্ষা সামগ্রী ব্যবহার করে প্রতিদিন সামান্য সময়ে প্রাইভেট চেম্বারে রোগী দেখার জন্য চিকিৎসকদের প্রতি আহবান জানান তিনি।

























