তারেক রহমানের ভারত সফরের প্রস্তুতির বিজ্ঞপ্তি প্রত্যাহার
- আপডেট সময় : ০৫:২৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে প্রকাশ করা বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে ভারতের রাষ্ট্রপতি ভবন।
শুক্রবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে নিয়মিত ‘চেইঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান হবে না। কারণ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণ মহড়ার কথা উল্লেখ করা হয়। তবে তারেক রহমানের নাম বা সফরের তারিখ উল্লেখ ছিল না।
বিজ্ঞপ্তি প্রকাশের কিছুক্ষণ পরই তা ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়। একই সঙ্গে এ-সংক্রান্ত পোস্ট সরিয়ে ফেলে ভারতের তথ্য অধিদপ্তর ও বার্তা সংস্থা আইএএনএস। এ ঘটনায় সফরের সময়সূচিতে পরিবর্তন নাকি প্রক্রিয়াগত ভুল—তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
এর মধ্যে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ঢাকা-দিল্লি টানাপড়েনের কারণে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, সফর নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং নয়াদিল্লি তাকে আতিথেয়তা দিতে প্রস্তুত।
আগস্টের তৃতীয় সপ্তাহ বা সেপ্টেম্বরের শুরুতে সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। তবে শেখ হাসিনার ভার্চুয়াল রাজনৈতিক কর্মকাণ্ড ও প্রত্যর্পণ ইস্যুসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় সফরের সময়সূচিকে অনিশ্চিত করে তুলছে।


























