ঢামেকে এক কারাবন্দির মৃত্যু, ২ দিনে মারা গেলেন ৪ জন
- আপডেট সময় : ১০:৫৬:১৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কারাবন্দির মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দুই দিনে হাসপাতালটিতে চার কারাবন্দির মৃত্যু হলো।
সকালে অসুস্থ হয়ে হাসপাতালে
কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আলী আকবর মণ্ডল (৬৭) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সোয়া ৭টার দিকে তার মৃত্যু হয়। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাগার সূত্রে জানা গেছে, আলী আকবর মণ্ডল মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী এলাকার বাসিন্দা। তিনি একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।
পরিদর্শক হাবিবুর রহমান জানান, সোমবার সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়েন আলী আকবর। পরে কারারক্ষীরা তাকে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
আগের দিন আরও তিন কারাবন্দির মৃত্যু
এর আগে রোববার ঢামেক হাসপাতালে আরও তিন কারাবন্দির মৃত্যু হয়। তারা হলেন—আবুল বাশার (৫৮), আব্দুল কাইয়ুম (৬২) ও শাহাদাত হোসেন (৪৮)।
কারাগার সূত্রে জানা যায়, আবুল বাশারের বাড়ি চাঁদপুরের কচুয়া থানার কুটিয়া গ্রামে। তার বাবার নাম সেকেন্দার আলী।
আব্দুল কাইয়ুমের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম থানার পাদুয়ার বাজার এলাকায়। অন্যদিকে শাহাদাত হোসেন মিরপুর-২-এর বড়বাগ এলাকায় থাকতেন। তার বাবার নাম আব্দুল কাদের।
তবে রোববার মারা যাওয়া তিন কারাবন্দির বিরুদ্ধে করা মামলাগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।























