ডিএসসিসির সুপারভাইজার অব্যাহতি
ট্রেড লাইসেন্সের টাকা নিয়েও নবায়ন না করার অভিযোগ
- আপডেট সময় : ০১:২০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ১৫৫০ বার পড়া হয়েছে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের ক্ষেত্রে ব্যবসায়ীদের হয়রানি এবং টাকা নেওয়ার অভিযোগের পর তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযোগের বিষয়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএসসিসি সূত্র জানায়, রাজস্ব বিভাগের বিবিধ আদায় শাখা, অঞ্চল-৪-এর লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার মোস্তফা নূরউদ্দিন আহম্মেদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
রোববার (১৬ আগস্ট) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও ডিএসসিসির যৌথ আয়োজনে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজট ও ট্রেড লাইসেন্স সেবা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়।
ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টো অভিযোগ করেন, গত ২৩ ও ২৪ জুন তাৎক্ষণিক ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নসংক্রান্ত রাজস্ব ক্যাম্প চলাকালে মোস্তফা নূরউদ্দিন আহম্মেদ ২০২৫-২৬ অর্থবছরের ২২টি ট্রেড লাইসেন্স নবায়ন করে দেওয়ার কথা বলে কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে নগদ অর্থ নেন।
তবে অর্থ নেওয়ার পরও অর্থবছর শেষ হওয়ার দেড় মাসের বেশি সময় পার হলেও ওই লাইসেন্সগুলো নবায়ন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। এতে ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েন এবং বিষয়টি নিয়ে একাধিকবার সমিতির কাছে অভিযোগ করেন।
অভিযোগে আরও বলা হয়, ওই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বারবার ‘আজ দেব, কাল দেব’ বলে সময়ক্ষেপণ করেন।
সভায় বিষয়টি জানার পর ডিএসসিসির প্রশাসক তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশে মোস্তফা নূরউদ্দিন আহম্মেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
ডিএসসিসি জানিয়েছে, তার দেওয়া জবাব পর্যালোচনা করে অভিযোগের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।






















