ট্রাম্পের নতুন শুল্ক নিয়ে সমঝোতায় মরিয়া কানাডা
- আপডেট সময় : ১১:৩১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা নতুন শুল্ক বুধবার (১৯ আগস্ট) থেকে কার্যকর হতে যাচ্ছে কানাডার ওপর। শুল্কের চাপ কমাতে শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে অটোয়া। তবে কয়েক দফা আলোচনা হলেও বড় ধরনের অগ্রগতি না হওয়ায় সমঝোতা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।
গত তিন সপ্তাহ ধরে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে এখনও কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। কানাডার আলোচকেরা আশঙ্কা করছেন, চুক্তি না হলে শত শত কানাডীয় পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ হতে পারে।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, কানাডা গাড়ি, দুগ্ধ ও অ্যালকোহল খাতে মার্কিন পণ্যের প্রতি বৈষম্যমূলক নীতি অনুসরণ করছে। অন্যদিকে, কানাডা বিদ্যমান শুল্ক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ কিছু খাতকে ছাড় দেওয়া এবং নতুন শুল্ক এড়াতে সমঝোতার চেষ্টা করছে।
আলোচনায় সবচেয়ে বড় ইস্যু হয়ে উঠেছে মার্কিন অ্যালকোহল পণ্যের ওপর কানাডার প্রাদেশিক বিধিনিষেধ। ওয়াশিংটন এসব বাধা প্রত্যাহারের দাবি জানালেও বিষয়টি অনেকাংশে নির্ভর করছে কানাডার প্রাদেশিক সরকারগুলোর সিদ্ধান্তের ওপর।
এছাড়া কানাডার গাড়ি শিল্পও যুক্তরাষ্ট্রের শুল্কনীতির কারণে চাপের মুখে রয়েছে। দেশটির অটোমোবাইল খাতে অতিরিক্ত শুল্কের প্রভাব কমাতে আলোচনা চালিয়ে যাচ্ছে কানাডা।
দুগ্ধবাজারে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিয়েও দুই দেশের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। কানাডার সাপ্লাই ম্যানেজমেন্ট ব্যবস্থা ও বাজার সীমাবদ্ধতার সমালোচনা করে আসছে মার্কিন প্রশাসন।
শুধু গাড়ি, দুগ্ধ ও অ্যালকোহল নয়, আরও অনেক কানাডীয় পণ্য নতুন শুল্কের আওতায় আসতে পারে। এতে দেশটির রপ্তানিকারকদের ওপর বড় ধরনের চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
নতুন শুল্ক কার্যকরের আগে সমঝোতায় পৌঁছানোই এখন অটোয়ার প্রধান লক্ষ্য। তবে ওয়াশিংটন নিজেদের দাবিতে অনড় থাকায় শেষ মুহূর্তে চুক্তি হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।























