জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সরকারের গড়িমসির অভিযোগ নাহিদ ইসলামের
- আপডেট সময় : ০৬:২৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / ১৫৫০ বার পড়া হয়েছে
রাজধানীর মিন্টো রোডে আয়োজিত ‘জুলাই এখনো শেষ হয়নি’ শীর্ষক চিত্র প্রদর্শনীতে বর্তমান সরকারের সমালোচনা করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার আয়োজিত এই প্রদর্শনীতে তিনি অভিযোগ করেন, একদিকে সরকার জনগণের দেওয়া ‘হ্যাঁ ভোট’ কেড়ে নিয়েছে, অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার বিষয়ে উচ্চকণ্ঠ হলেও কার্যকর কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে না।
নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার গড়িমসি করছে।
চিত্র প্রদর্শনীটি অনুষ্ঠিত হয় বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমীরের সরকারি বাসভবনে। এতে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন ও সাধারণ মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, জুলাই গণঅভ্যুত্থান তখনই প্রকৃত অর্থে সফল হবে, যখন আন্দোলনের লক্ষ্য ও জনগণের প্রত্যাশা পূরণ হবে। আগত বিশিষ্টজন এসএটিভির পরিচালক শামসুল আলম পান্থ বলেন, জুলাই তখনই শেষ হবে যখন জুলাই-জনতার আকাঙ্খা পূর্ণ হবে।
৫ আগস্ট শুরু হওয়া তিন দিনের এই চিত্র প্রদর্শনী শুক্রবার শেষ হয়।


























