জমি বিরোধের জেরে বগুড়ায় সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ
- আপডেট সময় : ০১:০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জমিজমা ও গোচারণভূমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে মোসলেম উদ্দিন প্রামানিক (৬২) নামে এক সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৩ আগস্ট) রাতে উপজেলার কাজলা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর মঙ্গলবার (৪ আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মোসলেম উদ্দিন প্রামানিক উপজেলার কাজলা ইউনিয়নের পাকুড়িয়া চর গ্রামের মৃত আব্দুল মান্নান প্রামানিকের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, একই গ্রামের দুদু সরকারের ছেলে নান্টু সরকারের সঙ্গে জমিজমা ও গোচারণভূমি বিক্রি নিয়ে মোসলেম উদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার রাত প্রায় ৮টার দিকে পাকুড়িয়া বাজার থেকে চা পান শেষে বাড়ি ফেরার পথে নান্টু সরকারের নেতৃত্বে কয়েকজন তার পথরোধ করে। এ সময় দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ভাই ও কাজলা ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান আলী বলেন, মোসলেম উদ্দিন অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ ছিলেন। গোচারণভূমি বিক্রিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালিয়ে হত্যা করা হয়েছে বলে পরিবারের দাবি। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে


























