চট্টগ্রাম বন্দরের ছবি, ভিডিও ও তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা
- আপডেট সময় : ১২:৪৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে পূর্বানুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরের ছবি, ভিডিও ও পরিচালনাগত তথ্য প্রকাশ বা প্রচার না করতে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মেও এ ধরনের তথ্য প্রকাশের ক্ষেত্রে অনুমতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব সৈয়দ রেফায়েত হামীম স্বাক্ষরিত নোটিশটি বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সম্পাদক ও ব্যুরোপ্রধানদের কাছে পাঠানো হয়েছে।
কোন কোন তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা
নোটিশে বলা হয়েছে, পূর্বানুমতি ছাড়া বন্দরের নিরাপত্তাব্যবস্থা, যোগাযোগব্যবস্থা, জাহাজ ও পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম, নিয়ন্ত্রিত এলাকা এবং অবকাঠামো-সংশ্লিষ্ট ছবি, ভিডিও, নকশা ও পরিচালনাগত তথ্য প্রকাশ বা প্রচার করা যাবে না।
এ ক্ষেত্রে গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের কথাও উল্লেখ করেছে কর্তৃপক্ষ।
আইনি ব্যবস্থার সতর্কতা
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দেশনা লঙ্ঘন করলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২ এবং অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩-এর অধীনে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
তবে এই নির্দেশনার আইনি ভিত্তি, প্রয়োগের পরিধি এবং এটি জারির সময় নিয়ে প্রশ্ন উঠেছে।
নিউমুরিং টার্মিনাল নিয়ে উত্তেজনার মধ্যে নির্দেশনা
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ১৫ বছরের জন্য বিদেশি পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রস্তাব নিয়ে এরই মধ্যে আলোচনা ও উত্তেজনা চলছে। এর মধ্যেই বন্দর-সংশ্লিষ্ট ছবি, ভিডিও ও তথ্য প্রকাশে বিধিনিষেধ আরোপের বিষয়টি সামনে এসেছে।
এ নিয়ে আন্দোলনকারীরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মুনিরুজ্জামানের পদত্যাগ দাবি করেছেন। তারা চেয়ারম্যানকে ‘ডিপি ওয়ার্ল্ডের এজেন্ট’ হিসেবে কাজ করার অভিযোগও করেছেন।
আন্দোলনকারীরা আগামী ১৩ অক্টোবর চেয়ারম্যানের কার্যালয় ঘেরাও এবং তাকে কার্যালয় থেকে বের হতে না দেওয়ার হুমকি দিয়েছেন।
জনস্বার্থের সংবাদ প্রকাশ নিয়ে প্রশ্ন
এমন পরিস্থিতিতে বন্দর-সংশ্লিষ্ট তথ্য প্রকাশে হঠাৎ করে আরোপ করা বিধিনিষেধ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। নিরাপত্তার স্বার্থে সংবেদনশীল তথ্য নিয়ন্ত্রণের প্রয়োজন থাকলেও এর ফলে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গণমাধ্যমের স্বাধীনভাবে সংবাদ প্রকাশ বাধাগ্রস্ত হবে কি না, তা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।
বন্দর কর্তৃপক্ষের নির্দেশনা কতটা বিস্তৃতভাবে প্রয়োগ করা হবে এবং গণমাধ্যমের নিয়মিত সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে এর প্রভাব কী হবে, সেটিও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।





















