চট্টগ্রামে জলাবদ্ধতায় ডুবেছে রেললাইন, কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- আপডেট সময় : ০৪:৪৫:১১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
অতিভারী বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রামের নিম্নাঞ্চল। বৃষ্টির পানির সঙ্গে কর্ণফূলীর জোয়ারের পানি জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। এরই মধ্যে নগরীর মুরাদপুর এলাকায় রেললাইন ডুবে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজারে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক জানান, রেললাইনে পানি ওঠার কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ট্রেন চালানো হবে।
চার দশকের মধ্যে চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা ভারী বর্ষণে নগরীর অনেক এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। পাহাড়ি ঢল ও কর্ণফুলী নদীর জোয়ারের প্রভাবে নিচু এলাকা তলিয়ে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর মধ্যেই মঙ্গলবার দুপুরে নগরের মুরাদপুরের সুন্নিয়া মাদ্রাসা এলাকায় রেললাইনটি পানিতে ডুবে যায়।
রেলবিভাগ জানায়, চট্টগ্রামের ষোলোশহর-জানালিহাট সেকশনের মধ্যবর্তী ওই স্থানে প্রায় দুই ফুট পানিতে রেললাইন ডুবে আছে। পানি না কমায় আজ ভোরে ঢাকা থেকে ছেড়ে যাওয়া কক্সবাজার এক্সপ্রেস চট্টগ্রামে আটকে পড়ে। ট্রেনটি কক্সবাজারে যেতে পারেনি। বিকেল চারটায় ট্রেনটি আবার ঢাকার ফিরে যাবে। অপরদিকে, সকালে চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল সৈকত এক্সপ্রেস। কিন্তু সকালেই যাত্রা বাতিল করা হয়।

























