চট্টগ্রামে চালু হলো বিআরটিসির গোলাপী বাস সার্ভিস
- আপডেট সময় : ০২:০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চট্টগ্রামে চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)-এর বিশেষ মহিলা বাস সার্ভিস। গোলাপি রঙের এই বাসে চালক, সহকারী ও যাত্রী—সবাই নারী।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে মহানগরীর কালুরঘাট এলাকায় এই বাস সার্ভিসের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এরশাদ উল্লাহ, বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিন ও জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতেই সরকারের এই উদ্যোগ। এর মাধ্যমে নারীরা হয়রানি ও নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে সুরক্ষা পাবেন বলে আশা প্রকাশ করেন তারা।
প্রাথমিকভাবে গোলাপি বাসটি কালুরঘাট থেকে কাপ্তাই রাস্তার মাথা হয়ে পতেঙ্গা রুটে চলাচল করবে। নির্ধারিত ১২টি স্টপেজে যাত্রীরা ওঠানামার সুযোগ পাবেন।
বাসে চালক, হেলপার ও যাত্রী সবাই নারী হওয়ায় ইভটিজিং, হয়রানি কিংবা অনাকাঙ্ক্ষিত স্পর্শের মতো সমস্যার ঝুঁকি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

























