গাজীপুরে কাঁদানে গ্যাস ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ, ১৭ কারখানা বন্ধ
- আপডেট সময় : ০১:৪৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
গাজীপুরের কোনাবাড়ীতে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। সোমবার (১৬ নভেম্বর) সকালে তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। প্রায় এক ঘণ্টা পর শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান।
শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের ১৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আরও দুটি কারখানায় সোমবারের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কোনাবাড়ীতে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল আটটার দিকে কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে অবস্থান নেন। পরে তাঁরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন শ্রমিকেরা।
খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁরা শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। তবে এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
সকাল ৯টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান। এরপর ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়।
শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবি মোতায়েন
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, দুটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করা হয়েছে।
তিনি আরও জানান, শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।
১০ প্লাটুন বিজিবি ও ছয় প্লাটুন আনসার মোতায়েন
গাজীপুর শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শিল্পাঞ্চলের শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
গাজীপুর বিজিবি-৬৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ এ তথ্য জানিয়েছেন।
অন্যদিকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, গাজীপুর শিল্পাঞ্চলে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ছয় প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে এই বিক্ষোভের ঘটনায় শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।




















