গণভোটের রায় না মানলে ‘নাই হয়ে যাবেন’: জামায়াত আমির
- আপডেট সময় : ০৪:৪৫:০২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, ‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন।’ তিনি বলেন, ওই পথ পালানোর পথ। এ পথে হাঁটলে মক্কা যাওয়া যাবে না, দিল্লি চলে যেতে হবে। বাংলাদেশের মানুষ দেশের ওপর দিল্লির খবরদারি বা কোনো ধরনের আধিপত্যবাদ মেনে নেবে না।
সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিবির নেতা সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিন হত্যার বিচার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
শফিকুর রহমান বলেন, ‘যে পথে যারাই হাঁটবেন, তাদের পালাতে হবে। এই পথের শেষ ঠিকানা দিল্লি। এ দেশের মানুষ দিল্লির খবরদারি বাংলাদেশের ওপর চায় না। কোনো আধিপত্যবাদ মানবো না।’
গণভোটের রায় প্রসঙ্গে তিনি বলেন, জনগণের দেওয়া রায় অগ্রাহ্য করলে কেউ টিকে থাকতে পারবে না। ‘গণভোট না মানলে শুধু না হবেন না, একসময় নাই হয়ে যাবেন।’ তিনি সরকারকে জনগণের রায় মেনে সংস্কার বাস্তবায়ন, ফ্যাসিবাদের পথ বন্ধ এবং মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশের পথ খুলে দেওয়ার আহ্বান জানান।
জামায়াত আমির বলেন, সরকার সঠিক পথে ফিরলে বিরোধী দল হিসেবে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। একই সঙ্গে ক্ষমতার লোভ থেকে সবাইকে সতর্ক করে তিনি বলেন, ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়।
ফ্যাসিবাদকে কোনো নির্দিষ্ট দলের সঙ্গে না জড়িয়ে ‘ভাইরাস’ হিসেবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, এক ফ্যাসিবাদীকে সরিয়ে দেশের জনগণ আরেক ফ্যাসিবাদী চায় না।
২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রয়োজনে জাতির স্বার্থে আবারও রাজপথে নামতে প্রস্তুত তারা। অপরাধ, দখলবাণিজ্য, চাঁদাবাজি ও নারীর প্রতি সহিংসতার সঙ্গে জড়িতদের ‘কাপুরুষ’ আখ্যা দিয়ে তিনি বলেন, অপরাধী যে-ই হোক, এমনকি নিজের সন্তান হলেও তাকে ছাড় দেওয়া হবে না।
দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশু, নারী, মা-বোন, যুবক ও বয়স্কসহ সব ধর্ম, বর্ণ ও ভাষার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।





















