কিউ-ক্যাশের সব সেবা চালু, স্বাভাবিক লেনদেন ৩০ ব্যাংকে
- আপডেট সময় : ১২:১৫:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ১৫৫২ বার পড়া হয়েছে
দুই দিন বন্ধ থাকার পর প্রায় ৩০টি ব্যাংকে কিউ-ক্যাশ নেটওয়ার্কের সব সেবা পুরোপুরি চালু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) এবং সংশ্লিষ্ট কয়েকটি ব্যাংক সেবা স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
স্বাভাবিক হয়েছে কিউ-ক্যাশের সব সেবা
মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে আইটিসি জানায়, কিউ-ক্যাশের আওতাধীন সব সেবা এখন স্বাভাবিকভাবে কার্যকর রয়েছে। ফলে সংশ্লিষ্ট ব্যাংকের গ্রাহকরা আগের মতো কার্ড ও অন্যান্য লেনদেন করতে পারবেন।
এদিকে রাত সাড়ে ১২টার দিকে ব্যাংক এশিয়ার পাঠানো এক ক্ষুদে বার্তায় জানানো হয়, তাদের এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর সেবা পুরোপুরি সচল রয়েছে। গ্রাহকদের যথারীতি লেনদেন করার জন্যও জানানো হয়।
সিস্টেম মাইগ্রেশনে বন্ধ ছিল সেবা
এর আগে গত রোববার (৪ অক্টোবর) রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে দেশের প্রায় ৩০টি ব্যাংকের বিভিন্ন কার্ড ও লেনদেন সেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
এতে এটিএম থেকে টাকা উত্তোলন, পয়েন্ট অব সেল (পিওএস) মেশিনে কার্ড লেনদেন এবং কিছু আন্তঃব্যাংক লেনদেনসহ বিভিন্ন সেবা ব্যাহত হয়। ফলে সংশ্লিষ্ট ব্যাংকের গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হয়।
প্রাথমিকভাবে বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে ক্ষুদে বার্তায় জানানো হয়েছিল, কিউ-ক্যাশের এসব সেবা আগামী ১০ অক্টোবর দুপুর ১২টার পর স্বাভাবিক হবে।
দ্রুত সেবা চালুর উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
তবে গ্রাহকদের ভোগান্তি কমাতে সেবা দ্রুত চালুর উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকগুলো। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে বাংলাদেশ ব্যাংকে ডেকে পাঠানো হয়।
মঙ্গলবার রাত ৯টায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানমের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাত ৯টা থেকে আইটি কনসালট্যান্টস পিএলসি পরিচালিত কিউ-ক্যাশ নেটওয়ার্কে রক্ষণাবেক্ষণ কাজের কারণে কয়েকটি ব্যাংকের লেনদেন সেবা ব্যাহত হয়।
বাংলাদেশ ব্যাংক জানায়, এতে গ্রাহকরা ভোগান্তির শিকার হন। গ্রাহকদের আর্থিক লেনদেনের ধারাবাহিকতা ও স্বার্থরক্ষায় কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
নির্ধারিত সময়ের আগেই সব সেবা সচল
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পর কিউ-ক্যাশের ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি করে দ্রুত কার্ডসংশ্লিষ্ট সব সেবা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই কিউ-ক্যাশের আওতাধীন সব সেবা পুরোপুরি চালু করা সম্ভব হয়।
ফলে নির্ধারিত ১০ অক্টোবরের আগেই সংশ্লিষ্ট প্রায় ৩০টি ব্যাংকের গ্রাহকরা কিউ-ক্যাশের এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআরসহ বিভিন্ন সেবা ব্যবহার করতে পারছেন।





















