কারাবন্দী ইমরানের পাশে এবার ইয়ান চ্যাপেল-স্টিভ ওয়াহরা
- আপডেট সময় : ০১:৩৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
দীর্ঘদিন ধরে কারাবন্দী পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে। তার সুচিকিৎসা ও মানবিক অধিকার নিশ্চিতের দাবিতে এবার সরব হয়েছেন অস্ট্রেলিয়ার সাত সাবেক ক্রিকেট অধিনায়ক। ইমরানের চিকিৎসা ও পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের কাছে চিঠি দিয়েছেন তারা।
ইমরানের পাশে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়ক
অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, কিম হিউজ, মার্ক টেলর ও স্টিভ ওয়াহ চিঠিতে ইমরানের কারাবন্দী জীবনের মানবিক দিক তুলে ধরেছেন। তারা জানিয়েছেন, ইমরানের রাজনৈতিক বা আইনি বিষয়ে কোনো পক্ষ নেওয়া তাদের উদ্দেশ্য নয়।
তাদের বক্তব্য, পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক ও আইনি বিষয় পাকিস্তানেরই ব্যাপার। তবে কারাগারে থাকা যেকোনো ব্যক্তির চিকিৎসা, পরিবারের সঙ্গে যোগাযোগ এবং মানবিক আচরণ পাওয়ার অধিকার রয়েছে।
চিকিৎসা ও পারিবারিক সাক্ষাতের দাবি
ইমরানের বিষয়ে চিঠিতে তিনটি নির্দিষ্ট দাবি জানানো হয়েছে। প্রথমত, তার নিজস্ব চিকিৎসকদের অন্তর্ভুক্ত করে সুপ্রিম কোর্টের নির্দেশিত মেডিকেল বোর্ডকে স্বাধীনভাবে স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ দিতে হবে।
দ্বিতীয়ত, আদালতের নির্দেশ অনুযায়ী ইমরানের সঙ্গে সাপ্তাহিক পারিবারিক সাক্ষাৎ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। তৃতীয়ত, মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী দ্রুত তার প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে।
পরিবারের উদ্বেগও উঠে এসেছে
ইমরানের ছেলে ও বোনদের উদ্বেগের কথাও চিঠিতে উল্লেখ করেছেন সাবেক অজি অধিনায়কেরা। কয়েক মাস ধরে তারা ইমরানের স্বাস্থ্য ও কারাগারের চিকিৎসাব্যবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে আসছেন।
বিশেষ করে সীমিত চিকিৎসাসেবা, পরিবারের সঙ্গে যোগাযোগে বিধিনিষেধ এবং আইনজীবীদের সঙ্গে সীমিত যোগাযোগ নিয়ে আপত্তি জানিয়েছেন তারা। এসব বিষয়কে মানবিক অধিকার হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কেরা।
আগেও সরব হয়েছে ক্রিকেট বিশ্ব
ইমরানের কারাবন্দিত্ব ও শারীরিক অবস্থা নিয়ে এর আগেও ক্রিকেট বিশ্বের অনেকে কথা বলেছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে একই বিষয়ে ১৪ জন সাবেক অধিনায়ক চিঠি দিয়েছিলেন।
এরপর পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম ও মঈন খানও ইমরানের পরিস্থিতি নিয়ে কথা বলেন। বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সও।























