কলম্বিয়ায় সুপারমার্কেটে ২০ জনকে জিম্মি করে রেখেছে অস্ত্রধারীরা
- আপডেট সময় : ১২:২২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ১৫৪২ বার পড়া হয়েছে
লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার কার্তাহেনা শহরের একটি সুপারমার্কেটে অন্তত ২০ জনকে জিম্মি করে রেখেছে কয়েকজন অস্ত্রধারী। মঙ্গলবার (২৪ নভেম্বর) নগদ অর্থ বহনকারী একটি সাঁজোয়া গাড়ি ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হওয়ার পর এ ঘটনা ঘটে। জিম্মিদের নিরাপদে উদ্ধারে অভিযান চালাচ্ছে দেশটির পুলিশ ও নিরাপত্তা বাহিনী।
কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলাদো দে লা এসপ্রিয়েলার দপ্তর এবং জাতীয় পুলিশ জানিয়েছে, কার্তাহেনা শহরের একটি শপিং মলে নগদ অর্থ বহনকারী একটি সাঁজোয়া গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করে অস্ত্রধারীরা। তবে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। এ সময় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে আন্তর্জাতিক সুপারমার্কেট চেইন ‘এক্সিতো’র একটি শাখায় প্রবেশ করে। পরে সেখানে থাকা ক্রেতা ও কর্মীদের জিম্মি করে।
প্রথমে ৩০ জনকে জিম্মি করে অস্ত্রধারীরা
প্রাথমিকভাবে সুপারমার্কেটটির ভেতরে থাকা প্রায় ৩০ জনকে জিম্মি করেছিল অস্ত্রধারীরা। পরে তাদের মধ্যে ১০ জনকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে অন্তত ২০ জন জিম্মি অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর ও জাতীয় পুলিশ।
রয়টার্সের হাতে আসা ছবিতে দেখা গেছে, কার্তাহেনার লা কাস্তেলানা এলাকায় অবস্থিত সুপারমার্কেটটির বাইরে ভারী অস্ত্রে সজ্জিত সামরিক ও পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। এলাকাটি ঐতিহাসিক ঔপনিবেশিক স্থাপনা ও পর্যটন আকর্ষণের জন্য পরিচিত।
পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানিয়েছে, জিম্মিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের অক্ষত অবস্থায় মুক্ত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
পুলিশের ভাষ্য, এ অভিযানে বিভিন্ন সংস্থার সমন্বয়ে প্রয়োজনীয় জনবল, প্রযুক্তিগত সক্ষমতা ও বিশেষায়িত ইউনিট কাজে লাগানো হচ্ছে। তবে এখন পর্যন্ত জিম্মিকারী কিংবা জিম্মি ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি।
মাদক চোরাচালান গোষ্ঠীকে দায়ী করলেন প্রেসিডেন্ট
ঘটনার পর এক বিবৃতিতে প্রেসিডেন্ট আবেলাদো দে লা এসপ্রিয়েলা জিম্মিদের উদ্ধারের বিষয়ে আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, কলম্বিয়ার জনগণকে নিশ্চয়তা দিচ্ছেন, জিম্মিদের নিরাপদে মুক্ত করে আনা হবে।
অস্ত্রধারীদের একটি মাদক চোরাচালানকারী গোষ্ঠীর সদস্য হিসেবে উল্লেখ করে তিনি কঠোর হুঁশিয়ারি দেন। প্রেসিডেন্ট বলেন, যারা মানুষের রক্ত ঝরিয়েছে এবং ব্যবসা ও সম্পত্তির ক্ষতি করেছে, তাদের প্রত্যেককে জবাবদিহির আওতায় আনা হবে। এ হামলার বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
ভিলাভিসেনসিও শহর পরিদর্শনের সময় এসব মন্তব্য করেন প্রেসিডেন্ট। শহরটিতে এর আগের রাতে একটি গাড়িবোমা হামলার ঘটনা ঘটে। কলম্বিয়া সরকারের ভাষ্য অনুযায়ী, ২০১৬ সালের শান্তিচুক্তি প্রত্যাখ্যান করা ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর একটি বিচ্ছিন্ন অংশ ওই হামলার পেছনে রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে জিম্মিদের ছবি
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে সুপারমার্কেটের জানালার পাশে কয়েকজন ব্যক্তিকে হাঁটু গেড়ে বসে থাকতে দেখা গেছে। ছবিতে তাদের হাত বাঁধা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে ছবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
অন্যদিকে সুপারমার্কেটটির মূল প্রতিষ্ঠান ‘গ্রুপো এক্সিতো’ এক বিবৃতিতে জানিয়েছে, মানুষের জীবন ও নিরাপত্তা রক্ষা করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
প্রতিষ্ঠানটি আরও জানায়, কার্তাহেনার শাখাটিতে সৃষ্ট পরিস্থিতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মোকাবিলা করছে। এ ক্ষেত্রে কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করা হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের নেওয়া পদক্ষেপে সহযোগিতা করা হচ্ছে।
জিম্মিদের উদ্ধারে নিরাপত্তা বাহিনীর অভিযান চলমান রয়েছে। তবে অভিযান কখন শেষ হবে কিংবা জিম্মিদের সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।
সূত্র: রয়টার্স




















