কথিত বন্দুকযুদ্ধে ২ জন নিহত
- আপডেট সময় : ০৩:৩৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০
- / ১৭৭৭ বার পড়া হয়েছে
আলাদা কথিতবন্দুকযুদ্ধে দিনাজপুরের বিরামপুরে অজ্ঞাত এক মাদক ব্যবসায়ী এবং পাবনার সাঁথিয়ায় আরেকজন নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশের দুই এসআই ও এক কনষ্টেবল আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
পাবনার সাঁথিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সরোয়ার ব্যাপারী ওরফে সরো নামের এক ডাকাত সদস্য নিহত হয়েছে। পুলিশের দাবী- নিহত ব্যক্তি আন্তঃজেলা ডাকাতদলের সর্দার ও হত্যা মামলার আসামী। পরে ঘটনাস্থল থেকে একটি দেশী বন্দুক, একটি কার্তুজ ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের দু’সদস্য আহত হয়েছে। নিহত সরোয়ার উপজেলার পুন্ডুরিয়া গ্রামের হারুন অর রশিদ ওরফে হারু ব্যাপারীর ছেলে।
এদিকে, দিনাজপুরের বিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মনির জানান, ভোররাতে ভারতীয় সীমান্ত এলাকা থেকে একদল মাদক ব্যবসায়ীর মাদক নিয়ে আসার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মিরপুর মাঠের পাশে একটি বাগানে অবস্থান নেয় পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে অর্তকিত গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও ফাঁকা গুলি ছোড়ে। এরপর ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে ১টি পাইপগান, ৩ রাউন্ড গুলি, গুলির খোসা, ১টি হাসুয়া, ২টি ছোরা ও ১শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।


























