‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড’ পেলেন শিরিন শিলা
- আপডেট সময় : ০৪:১৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / ১৭০০ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন ঢালিউডের চিত্রনায়িকা শিরিন শিলা। বর্তমানে কানাডায় অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখানে সিনেমার শুটিং ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়ে সম্মাননা গ্রহণ করেন তিনি। একই সঙ্গে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রে আয়োজিত ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও।
কয়েক মাস ধরে কানাডায় মা ও ভাইয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন শিরিন শিলা। পাশাপাশি সেখানকার চলচ্চিত্র ও বিভিন্ন অনুষ্ঠানে যুক্ত রয়েছেন তিনি। বর্তমানে কানাডায় ‘ভায়োলেন্স’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন এই অভিনেত্রী। সিনেমাটিতে শুরুতে তাঁর সঙ্গে চিত্রনায়িকা অধরা খানের অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত সিনেমাটি থেকে সরে দাঁড়ান অধরা। ফলে বর্তমানে সিনেমাটির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছেন শিরিন শিলা।
কানাডায় নিজের সময় বেশ ভালো কাটছে জানিয়ে শিরিন শিলা বলেন, ‘কানাডাতে এসে সিনেমায় অভিনয় শুরু করেছি। আবার মাঝে মধ্যে কানাডাতেই বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছি। প্রয়োজনে এখান থেকে যুক্তরাষ্ট্রেও যাচ্ছি। সম্মাননা পাচ্ছি, পারফর্মও করছি। সব মিলিয়ে বেশ চমৎকার সময় কাটছে আমার। তবে এটা সত্যি, দেশকে, দেশের মানুষকে ভীষণ মিস করছি। খুব ইচ্ছে করছে দেশে ফিরে যেতে। কিন্তু কিছু কাজের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত হয়ে গেছি বিধায় এই মুহূর্তে দেশে ফিরতে পারছি না। সব কাজ শেষ হলেই ইনশাআল্লাহ দেশে ফিরব।’
দেশে ফেরার অপেক্ষায় থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে কাজ ও সম্মাননা অর্জন নিয়ে আশাবাদী শিরিন শিলা। এর আগে অভিনয়ের স্বীকৃতি হিসেবে দুইবার ‘বাবিবাস’ অ্যাওয়ার্ড, এজেএফবি অ্যাওয়ার্ড এবং ‘আনন্দমেলা লস অ্যাঞ্জেলেস’-এ শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে সম্মাননা অর্জন করেছেন তিনি।
২০১৪ সালে চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন শিরিন শিলা। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন। চলচ্চিত্রে অভিনয়ের এক যুগ পূর্ণ করা এই অভিনেত্রীর কাছে দর্শকের ভালোবাসাই সবচেয়ে বড় অনুপ্রেরণা।
এ প্রসঙ্গে শিরিন শিলা বলেন, ‘সিনেমাতে আমার অভিনয়জীবনের শুরু হয় শাকিব খানের সঙ্গে। এরপর আরও বহু সিনেমায় অভিনয় করেছি। দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছি। দর্শকের এই ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। এর পাশাপাশি দেশে-বিদেশে বিভিন্ন সংগঠন থেকে পাওয়া শ্রেষ্ঠত্বের সম্মাননাগুলোও আমার জীবনের চলার পথে অনেক বড় অনুপ্রেরণা।’


























