উজান থেকে নেমে আসা ঢলে বাড়ছে দেশের নদনদীর পানি
- আপডেট সময় : ০২:০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের অন্তত ১৫টি জেলার পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর পানি বিপৎসীমার ওপরে বা কাছাকাছি অবস্থান করছে। এতে এসব জেলায় ৪৮ ঘণ্টার মধ্যে বন্যার পানিতে প্লাবিত হওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পূর্বাভাসে বলা হয়, বাংলাদেশ ও ভারতের উজানের আসাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি দ্রুত বাড়ছে। বর্তমানে দুটি প্রধান নদীর পানি তিনটি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উত্তর-পূর্বাঞ্চলে কুশিয়ারা নদীর পানি সিলেটের ছাতক পয়েন্টে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়াও নেত্রকোণার কলমাকান্দা পয়েন্টে সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী তিন দিনে সুরমা ও কুশিয়ারা নদীর পানি আরও বাড়তে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জের পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া সারিগোয়াইন ও যাদুকাটা নদীর পানিও বাড়ছে, যা স্বল্পমেয়াদি প্লাবনের ঝুঁকি বাড়াচ্ছে।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভুগাই, কংস ও সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়ে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণার সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি বা অবনতি ঘটাতে পারে। এতে আরও বলা হয়, উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও দ্রুত বাড়ছে। এরই মধ্যে তিস্তা নদীর পানি ডালিয়া, কাউনিয়া, তারাপুর ও হারিপুর পয়েন্টে সতর্কসীমায় পৌঁছেছে। এদিকে ব্রহ্মপুত্র-যমুনা নদী ব্যবস্থার পানিও টানা পাঁচ দিন ধরে ঊর্ধ্বমুখী রয়েছে।


























