৮ দিন পর ধান ব্যবসায়ীর মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ১৯
মহিউদ্দিন সোহেল, শেরপুর
- আপডেট সময় : ০৬:১৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ১৫৫০ বার পড়া হয়েছে
শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের আট দিন পর বিল্লাল হোসেন (৪৫) নামে এক ধান ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) দুপুরে পূর্ব গজারীকুড়া এলাকার রঞ্জনা খালের পাড় থেকে মাটিচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
বিল্লাল ৪ আগস্ট বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। বুধবার খালের পাড়ে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা মাটির নিচে মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
পুলিশের প্রাথমিক ধারণা, বিল্লালকে হত্যার পর মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে নারী-পুরুষসহ ১৯ জনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঝিনাইগাতী থানার ওসি এস এম নূর মোহাম্মদ জানান, ঘটনার তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
























