৩৮ সেনা নিহতের পর হুথিদের বিরুদ্ধে ইয়েমেনি বাহিনীর অভিযান শুরু
- আপডেট সময় : ০৩:১৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সঙ্গে নতুন করে সংঘাত তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। হুথিদের হামলায় ৩৮ সরকারি সেনা নিহত ও ২৯ জন আহত হওয়ার দুই দিনের মধ্যেই ইরান-সমর্থিত গোষ্ঠীটির বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকার।
শনিবার (৮ আগস্ট) ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি অভিযান শুরুর ঘোষণা দেন। তিনি জানান, উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় হুথিদের সামরিক ঘাঁটি, স্থাপনা ও রসদ সরবরাহের পথ লক্ষ্য করে অভিযান চালানো হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইয়েমেনি সরকারি বাহিনীর অন্তত ৩৮ সদস্য নিহত এবং ২৯ জন আহত হন। চিকিৎসাসংশ্লিষ্ট সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি ওই হামলার দায় স্বীকার করেন। তাঁর দাবি, মারিব ও হাদরামাওথ প্রদেশের হুথি-নিয়ন্ত্রিত এলাকায় ইয়েমেনি বাহিনী সামরিক স্থাপনা নির্মাণের চেষ্টা করছিল। তারই জবাবে সামরিক অভিযান চালানো হয়েছে।
হুথিদের হামলার ৪৮ ঘণ্টার মধ্যেই পাল্টা অভিযান শুরু করে ইয়েমেনি বাহিনী। আল-নুজাইলি অভিযোগ করেন, হুথিরা বিদেশি এজেন্ডার অংশ হিসেবে ইয়েমেনকে আঞ্চলিক সংঘাতে জড়িয়ে ফেলছে। তাঁর দাবি, গোষ্ঠীটির কর্মকাণ্ডে দেশটির অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাম্প্রদায়িক বিভাজন আরও বেড়েছে।
তিনি সতর্ক করে বলেন, নতুন করে উত্তেজনা বাড়লে এর দায় হুথি ও তাদের পৃষ্ঠপোষকদেরই নিতে হবে। হুথিরা কোনো সহিংস পদক্ষেপ নিলে ইয়েমেনি বাহিনী তার কঠোর জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এদিকে পাল্টা অভিযান শুরুর ঘোষণার পর এখন পর্যন্ত হুথিদের পক্ষ থেকে ইয়েমেনি বাহিনীর নতুন সামরিক অভিযান নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সাম্প্রতিক এই সংঘাতকে ইয়েমেনের দীর্ঘস্থায়ী যুদ্ধের নতুন উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে। ৬ আগস্টের হামলাটি কয়েক বছরের তুলনামূলক কম মাত্রার সংঘাতের পর সবচেয়ে বড় প্রাণহানির ঘটনাগুলোর একটি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



























