৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য
- আপডেট সময় : ০৫:০৪:১১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ১৫৪১ বার পড়া হয়েছে
সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। সোমবার (৫ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
বায়তুল মোকাররম থেকে শুরু হবে লংমার্চ
মিয়া গোলাম পরওয়ার জানান, ৩১ অক্টোবর সকাল ৭টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট থেকে লংমার্চ শুরু হবে। এরপর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়ার দিকে যাবে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা।
লংমার্চের যাত্রাপথে শরীয়তপুর, গোপালগঞ্জ, খুলনা, যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় পৃথক পথসভা অনুষ্ঠিত হবে। এসব পথসভায় ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
উসকানিতে পা না দেওয়ার আহ্বান
লংমার্চ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করতে নেতা-কর্মীদের কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা। একই সঙ্গে কর্মসূচিতে সর্বস্তরের নেতা-কর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
জ্বালানির দাম বৃদ্ধির সমালোচনা
সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, একের পর এক তেল, গ্যাসসহ বিভিন্ন জ্বালানির মূল্য বৃদ্ধি করা হচ্ছে। এর প্রভাব পড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে এবং নিত্যপণ্যের দাম অনেকের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।
তিনি বলেন, জনগণের দুর্ভোগ কমানো এবং তাদের স্বার্থ রক্ষায় ১১ দলীয় ঐক্য ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করবে।
হামলার অভিযোগ, রাবিতে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা
সংবাদ সম্মেলনে বিরোধীদলের নেতাদের প্রতি আক্রোশের কারণে সরকারদলীয় ক্যাডাররা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার।
এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।


























