হোটেলের ওয়াই-ফাইয়ে নতুন সাইবার ফাঁদ
- আপডেট সময় : ০৭:০৮:০১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
হোটেল, রিসোর্ট কিংবা অন্যান্য আতিথেয়তা প্রতিষ্ঠানের পাবলিক ওয়াই-ফাই ব্যবহারকারীদের জন্য নতুন সাইবার হুমকির সতর্কতা দিয়েছে মাইক্রোসফট। বিশেষ করে উইন্ডোজচালিত ল্যাপটপ ও ডেস্কটপ ব্যবহারকারীদের লক্ষ্য করে পরিচালিত একটি নতুন ধরনের হামলার তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফটের থ্রেট ইন্টেলিজেন্স টিমের তথ্য অনুযায়ী, Storm-2945 নামে পরিচিত রাশিয়াসংশ্লিষ্ট একটি হ্যাকার গোষ্ঠী হোটেলের আসল ওয়াই-ফাই লগইন পেজের অনুকরণে ভুয়া পোর্টাল তৈরি করছে। ব্যবহারকারীরা সেখানে প্রবেশ করলে তাদের সামনে ভুয়া Windows Update বা ব্রাউজার আপডেটের নোটিশ দেখানো হয়। আপডেটের নামে ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল করানো হলে হ্যাকাররা সহজেই কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।
এর মাধ্যমে ই-মেইল, পাসওয়ার্ড, করপোরেট ডকুমেন্ট, ক্লাউড অ্যাকাউন্টের তথ্যসহ বিভিন্ন সংবেদনশীল তথ্য চুরি হওয়ার ঝুঁকি তৈরি হয়। মাইক্রোসফটের ভাষ্য, এই হামলার মূল লক্ষ্য ব্যবসায়িক ভ্রমণকারী, সরকারি কর্মকর্তা, গবেষক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা, যারা ভ্রমণের সময় হোটেলের ওয়াই-ফাই ব্যবহার করে অফিসের নেটওয়ার্কে সংযুক্ত হন।
প্রযুক্তি প্রতিষ্ঠানটি জানিয়েছে, পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করার সময় কোনো অচেনা সফটওয়্যার, নিরাপত্তা সনদ (সার্টিফিকেট) বা সিস্টেম আপডেট ইনস্টলের অনুরোধ এলে তা এড়িয়ে চলাই সবচেয়ে নিরাপদ। এছাড়া সংবেদনশীল তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে ব্যক্তিগত মোবাইল হটস্পট অথবা বিশ্বস্ত ভিপিএন (VPN) ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, হোটেল, বিমানবন্দর, ক্যাফে বা অন্যান্য উন্মুক্ত ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করার সময় সামান্য অসতর্কতাও বড় ধরনের তথ্য চুরির কারণ হতে পারে। তাই নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার আগে ওয়াই-ফাইয়ের সত্যতা যাচাই এবং সন্দেহজনক কোনো পপ-আপ বা আপডেট বার্তায় ক্লিক না করাই সবচেয়ে কার্যকর সুরক্ষা।

























