হাসিনার বক্তব্যকে সমর্থন করে না ভারত, সরকারের সম্পৃক্ততাও অস্বীকার
- আপডেট সময় : ০৬:৪১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের আপত্তির মধ্যেই গত ৫ আগস্ট মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন। এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়ার দুই দিন পর শুক্রবার (৭ আগস্ট) এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ওই প্রেস ব্রিফিংটি একটি বেসরকারি সংবাদমাধ্যমের আয়োজন ছিল এবং এতে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা বা ভূমিকা ছিল না।
তিনি বলেন, “আমি আবারও স্পষ্ট করে বলছি, ওই প্রেস ব্রিফিংয়ে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা ছিল না।”
এ সময় তিনি আরও জানান, প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনা বা অন্য কোনো বক্তার দেওয়া বক্তব্যের সঙ্গে ভারত সরকার একমত নয়। বিশেষ করে বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকার সম্পর্কে করা মন্তব্যকে নয়াদিল্লি সমর্থন করে না।
এদিকে ওই ব্রিফিংয়ে হাসিনাপুত্র সজিব ওয়াজেদ জয় দাবি করেন, বাংলাদেশের পরিস্থিতি পাকিস্তানের মতো হয়ে উঠছে এবং সেখানে সন্ত্রাসবাদ বিস্তার লাভ করছে। এ বিষয়ে প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ভারত তার নিকটতম প্রতিবেশী বাংলাদেশের পরিস্থিতি, বিশেষ করে জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে।
তার ভাষায়, “আমরা আমাদের প্রতিবেশী দেশের পরিস্থিতির ওপর গভীর নজর রাখি। জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিয়ে থাকি।”


























