সৌদি আরবে অগ্নিকাণ্ড: নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৬
- আপডেট সময় : ১২:৫৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১৬৭৩ বার পড়া হয়েছে
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি শ্রমিকের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। সোমবার (১০ আগস্ট) সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে রোববার (৯ আগস্ট) দুপুরে রিয়াদের ওই কারখানায় আগুন লাগে। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন বাংলাদেশি শ্রমিক নিহত হন। নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁ জেলায় এবং ৩ জনের বাড়ি নাটোরে।
নিহত বাংলাদেশিরা হলেন—নওগাঁর ফরিদ, শুভ, রুবেল প্রামাণিক, সুমন, কলিমউদ্দিন, মোহন প্রামাণিক, সুমন প্রামাণিক, মিনহাজ, হৃদয়, শাহিন, আবদুল জলিল, মজিদুল ও সাগর। নাটোরের নিহতরা হলেন শামিম, সাব্বির ও শ্যামল।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এক শোকবার্তায় তিনি বলেন, সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।
মন্ত্রী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, প্রবাসীদের কল্যাণে সরকার সবসময় পাশে রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।





















