সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
- আপডেট সময় : ০৫:৩৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
সাহিত্যে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার কবি ও লেখক অ্যান কারসন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল প্রায় ৫টার দিকে ২০২৬ সালের সাহিত্যে নোবেলজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি।
সমসাময়িক সাহিত্যে প্রাচীন ঐতিহ্যকে নতুনভাবে উপস্থাপন এবং উদ্ভাবনী ও বৈচিত্র্যময় লেখার মাধ্যমে আধুনিক সাহিত্যে নতুন মাত্রা যোগ করার স্বীকৃতি হিসেবে অ্যান কারসনকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
অ্যান কারসনের সাহিত্যকর্ম
অ্যান কারসন ১৯৫০ সালে কানাডার টরন্টোতে জন্মগ্রহণ করেন। ক্লাসিকস বিষয়ে পড়াশোনা ও গবেষণার মধ্য দিয়ে তার সাহিত্যিক যাত্রা শুরু হয়। ১৯৮১ সালে তিনি ক্লাসিকসের ওপর তার ডক্টরিয়াল থিসিস ‘ওদি এত আমো এরগো সাম’ প্রকাশ করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি কবিতা লেখা, অনুবাদ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। তার সাহিত্যকর্মে ভাষার সূক্ষ্ম ব্যবহার, শব্দের গভীরতা এবং নতুন অর্থ অনুসন্ধানের প্রবণতা বিশেষভাবে লক্ষণীয়।
অ্যান কারসন নিজেই বলেছেন, যেকোনো লেখা তৈরির ক্ষেত্রে শব্দের মূল উৎপত্তি বা উৎস খুঁজে বের করাকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন। ফলে তার লেখায় ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ ও কবিতার সৃজনশীলতার একটি অনন্য সমন্বয় দেখা যায়।
প্রাচীন গ্রিক সাহিত্য অনুবাদে খ্যাতি
প্রাচীন গ্রিক সাহিত্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ রচনা অনুবাদের জন্যও অ্যান কারসন আন্তর্জাতিকভাবে পরিচিত। তার অনুবাদগুলো শুধু ভাষান্তর হিসেবে নয়, অনেক ক্ষেত্রে স্বতন্ত্র সাহিত্যকর্ম হিসেবেও বিবেচিত হয়েছে।
তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে প্রাচীন গ্রিক কবি সাফপোর অসমাপ্ত কবিতার অনুবাদগ্রন্থ ‘ইফ নট, উইন্টার’ (২০০২)। এ ছাড়া সাফপোর বিয়োগান্তক নাটক ‘ইলেক্ট্রা’ (২০০১) এবং ‘অ্যান্টিগন’ (২০১৫), পাশাপাশি ইউরিপিডিসের ‘বাক্খাই’ (২০১৫) তার গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে রয়েছে।
সাহিত্যে নোবেলের দীর্ঘ ইতিহাস
সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের নাম সুইডিশ অ্যাকাডেমি ৫০ বছর পর্যন্ত গোপন রাখে। ফলে পুরস্কার ঘোষণার আগে সম্ভাব্য বিজয়ীর বিষয়ে নিশ্চিত ধারণা করা কঠিন।
১৯০১ সাল থেকে এখন পর্যন্ত সাহিত্যে ১১৮ বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এ পর্যন্ত মোট ১২২ জন সাহিত্যিক এ পুরস্কারে ভূষিত হয়েছেন। তাদের মধ্যে ১৮ জন নারী। এছাড়া চারবার একাধিক ব্যক্তিকে যৌথভাবে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহোরকাই। এবার সেই তালিকায় যুক্ত হলেন কানাডার বিশিষ্ট কবি ও লেখক অ্যান কারসন।

























