সাভারে পাঁচটি বোমা নিষ্ক্রিয়করণে কেঁপে উঠল এলাকা
- আপডেট সময় : ০২:০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
ঢাকার সাভারের হেমায়েতপুরে একটি তিনতলা ভবনের নিচতলা থেকে নয়টি বোমা সদৃশ বস্তু, বোমা তৈরির সরঞ্জাম, রাসায়নিক ও বিভিন্ন উপকরণ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা পাঁচটি বস্তু বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (১১ আগস্ট) রাতে সাভারের হেমায়েতপুরের দক্ষিণ শ্যামপুর এলাকায় এ অভিযান চালানো হয়। প্রায় রাত ২টার দিকে অভিযান শেষে উদ্ধার করা আলামত জব্দ করে পুলিশ।
ঘটনায় আরিফ হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি কিশোরগঞ্জের বাসিন্দা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) হেমায়েতপুর এলাকা থেকে আরিফ হোসেনকে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ শ্যামপুরের ওই ভবনে অভিযান চালানো হয়।
অভিযানে ভবনের নিচতলার একটি কক্ষ থেকে নয়টি বোমা সদৃশ বস্তু, বোমা তৈরির সরঞ্জাম, রাসায়নিক পদার্থ ও কিছু লিফলেট উদ্ধার করা হয়। পরে নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়ার পর বোম্ব ডিসপোজাল ইউনিট একে একে পাঁচটি বস্তু নিষ্ক্রিয় করে। এ সময় বিকট শব্দের পাশাপাশি আগুনের কুণ্ডলী দেখা যায়।
বাড়ির মালিকপক্ষ জানায়, মাত্র কয়েক দিন আগে আরিফ হোসেন ওই ফ্ল্যাটটি ভাড়া নেন। এরপর থেকে ঘরটি বন্ধ ছিল।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, সিটিটিসির অভিযানে একজনকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া আলামতের সঙ্গে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে আশুলিয়ায় একটি মুদি দোকানের সামনে পরিত্যক্ত অবস্থায় বোমা সদৃশ বস্তু উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করেছিল বোম্ব ডিসপোজাল ইউনিট। পরপর এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।























