সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা
- আপডেট সময় : ০৪:৫১:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / ১৫৮২ বার পড়া হয়েছে
সাফ নারী চ্যাম্পিয়নশিপের হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। ভারতের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় স্বাগতিক ভারতের মুখোমুখি হবে মারিয়া-ঋতুপর্ণা চাকমারা।
২০২২ ও ২০২৪ সালে সর্বশেষ দুই আসরেই সেরা মুকুট মাথায় পড়েছিল বাংলাদেশ। ২০১৬ সালের পর প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এবারের আসরে বি গ্রুপে থাকা বাংলাদেশের সঙ্গী ছিল ভারত ও মালদ্বীপ। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে আসর শুরু করে বাংলাদেশ। তবে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৩-০ গোলে হেরে যায় বাংলাদেশ। গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। শেষ চারের লড়াইয়ে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মত ফাইনালে উঠে তারা। ফাইনাল জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক মারিয়া মান্ডা।
























