সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা
- আপডেট সময় : ০৭:৪৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
- / ১৭৩৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। এ নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ ও আতংক বিরাজ করছে। এদিকে, ঠাকুরগাঁওয়ে বাড়ির পাশের ডোবা থেকে মা, ছেলে ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রতিদিনের মতোই স্ত্রী-সন্তান নিয়ে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন শাহিনুর রহমান। পাশের ঘরে ছিলেন ছোট ভাই রায়হানুল ইসলাম। তিনি জানান, ভোরে বড় ভাইয়ের ঘর থেকে বাচ্চাদের গোঙানির শব্দ শুনতে পান। সাথে সাথে গিয়ে দেখেন ঘরের দরজা বাইরে থেকে আটকানো। দরজা খুলেই বিভৎস দৃশ্যের মুখোমুখি হন তিনি। শাহিনুর রহমানসহ চারজনকে জবাই করে হত্যা করা হয়েছে।
স্থানীয়রা জানান, তাদের সাথে জমি নিয়ে কিছু লোকের বিরোধ চলছিল। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবেই এই হত্যাকান্ড ঘটানো হয়েছে। রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ। দ্রুত খুনিদের গ্রেফতার এবং বিচারের দাবি জানিয়েছে, সাতক্ষীরাবাসী।



























