সাতক্ষীরায় পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস
- আপডেট সময় : ১২:৪৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরায় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন ও জেলা পুলিশ ।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় সাতক্ষীরা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানান জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মির্জা কাউসার আজিজ ও জেলা পুলিশ সুপার আবু সালেহ মো আশরাফুল আলম। এর পরপরই একে একে পুষ্পস্তবক অর্পণ করেন, জেলা বিএনপি, জামায়াত ইসলামী, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধিবৃন্দ এবং সাধারণ ছাত্র-জনতা। পুষ্পস্তবক অর্পণকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুশৃঙ্খল সদস্য ও বিএনসিসি ক্যাডেটদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছু সময় নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যগণ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধাঞ্জলি পর্ব শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও উপস্থিত ছাত্র-জনতা স্বৈরাচারবিরোধী নানা স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন, সাতক্ষীরা দিনব্যাপী বিস্তৃত কর্মসূচির আয়োজন করেছে।##






















